বাংলাদেশে নতুন সিরিজের ল্যাপটপ উন্মোচন করল এসার

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বাজারে নতুন সিরিজের ল্যাপটপ উন্মোচন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড এসার। অনুষ্ঠানে এন্টারপ্রাইজ এবং গেমিং সিরিজের নতুন ল্যাপটপ প্রদর্শন করে এসার। যার মধ্যে রয়েছে নতুন সুইফ ৭, কনসেপ্ট ডি, ট্রাভেলম্যাট এক্স ৫ এবং নাইট্রো ৭ সিরিজের অত্যাধুনিক সব ল্যাপটপ। এসারের নতুন এসব পণ্য ক্রিয়েটিভ কাজে ব্যবহারকারীদের পূর্ণ সুবিধা এবং কম্পিউটার ডিভাইস ব্যবহারে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা দেবে। অনুষ্ঠানে এসার ইন্ডিয়ার প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর হরিশ কোহলি বলেন, ‘বাংলাদেশের বাজারে আমাদের সর্বশেষ প্রযুক্তির ল্যাপটপ নিয়ে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। এসারের বাজার বাংলাদেশে ক্রমবর্ধমান ভাবে বেড়ে চলেছে, ভালো চাহিদা আমরা লক্ষ্য করেছি। তাই আমরা আত্মবিশ্বাসী যে, আমাদের অত্যাধুনিক ফিচারের নতুন পণ্যগুলো এখানে ভালো সাড়া ফেলবে। পেশাজীবী ও গেমার চাহিদা বিবেচনা করে সর্বাধুনিক সব প্রযুক্তির সঙ্গে দ্রুতগতির কার্যক্ষমতার বিষয়টিকে প্রাধান্য নিয়ে নতুন রেঞ্জের এই ডিভাইসগুলো নিয়ে আসা হয়েছে।’

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের বাজারে স্টুডেন্ট, হোম ইউজার, ক্রিয়েটর, প্রফেশনাল এবং গেমারদের জন্য নানা মডেলের মিডরেঞ্জ এবং প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, কম্পিউটার মনিটর, সুপার কম্পিউটার, আইওটি ডিভাইস, সুপার সিটি সলিউশ্যন নিয়ে আসার পরিকল্পনা রয়েছে এসারের।  বাংলাদেশে এসারের ৫টি সার্ভিস সেন্টার রয়েছে। ঢাকা, খুলনা, সিলেট, রংপুর এবং সৈয়দপুরে।