ডিএসইতে লেনদেন বেড়েছে

টানা পতনের পর গত দুই কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে। এর পরেও গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে বেশিরভাগ শেয়ারের দর কমেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৫৩টি কোম্পানির ১৪ কোটি ২০ লাখ ৯৩ হাজার ৪৪৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৯৫ কোটি ২৯ লাখ টাকা। বুধবার লেনদেন হয়েছিল ৩০৯ কোটি ৬০ লাখ টাকার। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স বুধবারের চেয়ে ২ দশমিক ৪৪ পয়েন্ট কমে ৫১৩০ দশমিক ৭০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক শূন্য দশমিক ৪৫ পয়েন্ট কমে ১৮২৯ দশমিক ৫৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক শূন্য দশমিক ৭৪ পয়েন্ট কমে ১১৭৬ দশমিক ১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার।

লেনদেনের শীর্ষে ছিল, ফরচুন সুজ, বীকন ফার্মা, সোনারবাংলা ইন্সুরেন্স, সীপার্ল রিসোর্ট, ন্যাশনাল পলিমার, ফেডারেল ইন্সুরেন্স, ইউনাইটেড পাওয়ার, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, রানার অটো ও সিনোবাংল ইন্ডাস্ট্রিজ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—প্রগতি লাইফ ইন্সুরেন্স, বিআইএফসি, ডেল্টা স্পিনিং, আল-হাজ্বটেক্স, বেক্সিমকো সিনথেটিকস, ফারইস্ট ফাইন্যান্স, গ্লোবাল ইন্সুরেন্স, এলআর গ্লোবাল মি. ফা., ইন্টারন্যাশনাল লিজিং ও এমারেল্ড অয়েল।

এদিকে গতকাল দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৭২৪ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।