বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ বলেছেন, দেশের রপ্তানি বৃদ্ধি করতে নতুন বাজারে প্রবেশের চেষ্টা চলছে। প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে প্রতিযোগিতা করেই টিকে থাকতে হবে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প রাতারাতি বর্তমান অবস্থায় আসেনি। খুবই স্বল্প পরিসরে তৈরি পোশাক শিল্প যাত্রা শুরু করেছিল। অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আজ বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। বর্তমানে দেশের রফতানির প্রায় ৮৪ ভাগ আসে এ খাত থেকে। বাণিজ্যমন্ত্রী বলেন, অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনা বাংলাদেশের তৈরি পোশাক খাতকে ঘুড়ে দাঁড়ানোর পথ দেখিয়েছে। দেশে এখন অনেক অত্যাধুনিক তৈরি পোশাক শিল্প। গ্রিন ফ্যাক্টরির সংখ্যা দিন দিন বাড়ছে। প্রচেষ্টা চলছে, আশা করি আগামী এক থেকে দেড় বছরের মধ্যে আমরা ব্রাজিল-রাশিয়ার মতো বড়ো রফতানি বাজারগুলোতে প্রবেশ করতে পারব। আমরা উপযুক্ত মূল্য আদায় করতে পারছি না। এজন্য আমাদের দর কষাকাষির ক্ষমতা বাড়াতে হবে এবং উত্পাদন ব্যয় কমানোর চেষ্টা করতে হবে।
বাণিজ্যমন্ত্রী গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সপোর্ট অ্যাক্সিবিশন আয়োজিত বাংলাদেশ সরকারের সাসটেইনেবল এন্ড রিনিউএ্যাবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির (এসআরইডিএ) সহযোগিতায় আয়োজিত তিনদিনব্যাপী সাসটেইনেবল ডেভেলপমেন্ট অফ অ্যাপারেল ইন্ডাস্ট্রি:প্রোসপেক্ট এন্ড অবসটেকলস শীর্ষক আলোচনা সভা ও মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, শিল্প প্রতিষ্ঠানে আমাদের এনার্জির ব্যবহার কমিয়ে সোলারের ব্যবহার বাড়াতে হবে। বিশ্বমানের সোলার প্যানেল এখন বাংলাদেশে তৈরি হচ্ছে এবং বিদেশে রপ্তানি হচ্ছে। রিসাইকেলিং করে পানির ব্যবহার অনেক কমানো সম্ভব। এতে করে পণ্যের উত্পাদন খরচ অনেক কমে আসবে। চলমান রপ্তানি বাজারের পাশাপাশি ব্রাজিল ও রাশিয়ার মতো বড়ো বাজারগুলোতে প্রবেশ করতে পারলে বাংলাদেশের রফতানি অনেক বাড়বে। আমরা প্রচেষ্টা চালাচ্ছি।
এসআরইডিএ-এর সদস্য সিদ্দিক জোবায়ের এর সঞ্চালনায় এবং সাসটেইনেবল এন্ড রিনিউএ্যাবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি (এসআরইডিএ) এর চেয়ারম্যান মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন—এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, ইনোওয়েল ইঞ্জিনিয়ারিং ইন্টারন্যাশনাল প্রা. লি. এর প্রতিষ্ঠাতা ফার্নো সুসাই, বিকেএমইয়ের সাবেক প্রেসিডেন্ট মো. ফজলুল হক, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলসের প্রফেসর ড. মো. জুলহাস উদ্দিন এবং অ্যাপলস গ্লোবাল লি. এর ব্যবস্থাপনা পরিচালক বিরেন্দ্র গয়াল।