২০১৮-১৯ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত প্রথম ১১ মাসে সেবা খাতের রপ্তানি বেড়েছে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৪০ দশমিক ৪৫ শতাংশ। আলোচ্য সময়ে লক্ষ্যমাত্রাও অতিক্রম করেছে এ খাতের রপ্তানি। কেবল ১১ মাসের লক্ষ্যমাত্রা নয়, এক মাস আগেই লক্ষ্যমাত্রাও অতিক্রম করেছে এই খাত। এই সময়ে ৪৫৮ কোটি মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে সেবা রপ্তানি হয়েছে প্রায় ৫৪২ কোটি ডলারের। আর ২০১৮-১৯ অর্থবছরে সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল ৫০০ কোটি ডলারের। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। ইতিমধ্যে সদ্য সমাপ্ত অর্থবছরের পণ্য রপ্তানির পরিসংখ্যান প্রকাশ করেছে ইপিবি। পণ্য ও সেবা মিলিয়ে ১১ মাসে মোট রপ্তানি বেড়েছে ১৩ দশমিক ৩৯ শতাংশ।
অতীতে পণ্য রপ্তানিকেই মূলত রপ্তানি হিসেবে গণ্য করা হতো। ইপিবির পরিসংখ্যানেও তা প্রকাশ পেত। তবে গত দুই বছর থেকে পণ্যের পাশাপাশি সেবা খাতের রপ্তানিও আলাদাভাবে হিসাব করে তা মূল রপ্তানির পরিসংখ্যানের সঙ্গে যুক্ত করা হয়।
গত ২০১৭-১৮ অর্থবছরে পণ্য রপ্তানির পণ্য হয়েছে ৩ হাজার ৬৬৬ কোটি ৮১ লাখ ডলারের। সব মিলিয়ে গত অর্থবছরে মোট রপ্তানি হয়েছে ৪ হাজার ১০০ কোটি ডলার। আর চলতি অর্থবছরে ৩ হাজার ৯০০ কোটি ডলারের পণ্য ও ৫০০ কোটি ডলারের সেবাসহ সব মিলিয়ে ৪ হাজার ৪০০ কোটি ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।
সেবা খাতের রপ্তানির তালিকায় রয়েছে মূলত সরকারি পণ্য ও সেবা (যা পণ্য রপ্তানির পরিসংখ্যানে হিসাবভুক্ত হতো না)। এর বাইরে রপ্তানির তালিকায় রয়েছে টেলিযোগাযোগ ও তথ্যসেবা, আর্থিক সেবা, নির্মাণ, যাতায়াত, পরিবহনসহ মোট ১২ ধরনের সেবা।