কামারখন্দ-বেলকুচি সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

এলজিইডির কামারখন্দ-বেলকুচি সড়কের জামতৈল রেলওয়ে স্টেশনের পূর্ব পাড়ের সড়কের অর্ধেক ভাঙা অবস্থায় রয়েছে। আর এই ভাঙা সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে শত শত যানবহন। স্থানীয়রা জানান, জামতৈল রেলওয়ে মসজিদের ওযুখানা ও টয়লেটের পানি সঞ্চালনের জন্য এই সড়কের নিচ দিয়ে প্লাস্টিকের পাইপ স্থাপন করা হয়েছিল। কিন্তু কিছুদিন যেতেই পাইপ ভেঙে পানি সড়কের কার্পেটিংয়ের নীচে প্রবাহিত হতে থাকে। ফলে নীচে সুড়ঙ্গের সৃষ্টি হলে ট্রাক যাওয়ার সময় ওপরের কার্পেটিংও দেবে যায়। এতে ঐ সড়কের অর্ধেকের বেশি ভেঙে যায়। বর্তমানে ঐ ভাঙা সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে, পাশাপাশি পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

উপজেলা প্রকৌশলী এস এম সানজীদ আহম্মেদ জানান, খুব দ্রুত ঐ সড়কের ভাঙা অংশ সংস্কার করা হবে।

সড়কের অর্ধেক অংশ ভাঙার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর জানান, নতুন উপজেলা পরিষদ প্যানেল গঠন হওয়ার পর প্রথম সভায় বিষয়টি উত্থাপিত করে সকলের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।