টাঙ্গাইলে আইনজীবী হত্যাকাণ্ড

রিমান্ড শেষে পিতা ও পুত্র জেলহাজতে

টাঙ্গাইলের প্রবীণ আইনজীবী মিয়া মোহাম্মদ হাসান আলী রেজাকে হত্যার অভিযোগে গ্রেফতার পিতা ও পুত্রকে তিন দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। রিমান্ডে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর তানভীর আহমেদ জানান, গত ১৪ জুলাই টাঙ্গাইল শহরের আকুর টাকুর এলাকার তপন কুমার সরকার ও তার স্ত্রী কল্পনা রানী এবং তাদের পুত্র তন্ময় কুমারকে গ্রেফতার করে পুলিশ। ১৫ জুলাই বিকেলে তাদের কোর্টে চালান করে দেওয়া হয়। তাদের মধ্যে কল্পনা রানী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আর পিতা-পুত্রকে তিনদিনের রিমান্ড দেন আদালত। রিমান্ড শেষে তপন ও তন্ময়কে বৃহস্পতিবার টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোছাম্মত্ মনিরা সুলতানা তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

রিমান্ডে নেওয়ার পর এই পিতা-পুত্রের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এখন এই তথ্যগুলো যাচাই করা হচ্ছে বলে জানান কোর্ট ইন্সপেক্টর। নিখোঁজের পাঁচদিন পর গত ১৩ জুলাই দুপুরে লৌহজং নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।