প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

যশোরের চৌগাছা চতুর্থ শ্রেণির ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে তাসের উদ্দীন (৫৫) নামের এক প্রধান শিক্ষককে শ্রীঘরে পাঠানো হয়েছে। তাসের উদ্দীন উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

ভুক্তভোগী ছাত্রীর বাবা-মা জানিয়েছেন, তাদের মেয়ে দক্ষিণ বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশ নিচ্ছে। ৩ ডিসেম্বর সোমবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা চলছিল। এসময় একটি প্রশ্ন বুঝতে না পারায় মেয়েটি প্রধান শিক্ষকের শরণাপন্ন হয়। প্রধান শিক্ষকের কক্ষে কেউ না থাকার সুযোগে তিনি আমার মেয়েকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করেন। 

বিষয়টি জানাজানি হলে ইউপি সদস্য সাইফুল ইসলামের নেতৃত্বে এলাকার জনগণ মঙ্গলবার বিদ্যালয়ে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম পুলিশ পাঠিয়ে শিক্ষককে উদ্ধার করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে থানায় আটক রাখা হয়েছে।

প্রধান শিক্ষক তাসের উদ্দীন জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের কমিটি ও একটি নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলামের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। কোনো সুযোগ না পেয়ে একটি মিথ্যা নাটক সাজিয়ে আমাকে অপদস্থ করছে প্রতিপক্ষরা। 

ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, আমি কোনো নেতৃত্বে দেয়নি এবং আমার সঙ্গে প্রধান শিক্ষকের কোনো দ্বন্দ্ব নেই। এলাকার উত্তেজিত জনগণই প্রধান শিক্ষককে রুমে অবরুদ্ধ করলে আমি বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছি। 

ইউপি চেয়ারম্যান তোতা মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে যায়নি। তবে শুনেছি মেয়েলি ঝামেলা নিয়ে প্রধান শিক্ষককে পুলিশ নিয়ে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম জানান, বিষয়টি জানতে পেরে দ্রুত পুলিশ পাঠিয়ে অবরুদ্ধ শিক্ষককে উদ্ধার করি। প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

ঘটনার তদন্তকারী অফিসার চৌগাছা থানার উপপরিদর্শক গিয়াসউদ্দীন জানান, ভুক্তভোগী মেয়েটির বাবা একটি অভিযোগ করেছেন। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/জেডএইচ