কামারখন্দে গৃহবধূর মুখে অ্যাসিড নিক্ষেপ

সিরাজগঞ্জের কামারখন্দে আঙগুরী খাতুন (১৯) নামে এক গৃহবধূর মুখে অ্যাসিড নিক্ষেপ করে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। তাকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন গৃহবধূর স্বামী শাহাদত হোসেন।

অ্যাসিড আক্রান্ত আঙ্গুরী খাতুন ওই উপজেলার ভদ্রঘাটের ওদাগাছী গ্রামের তাঁত শ্রমিক শাহাদত হোসেনের স্ত্রী।

শাহাদত হোসেন জানান, মঙ্গলবার রাতে নিজ ঘরের দরজার পাশে বসে খাবারের সময় হঠাত্ অজ্ঞাত এক ব্যক্তি এসে তার মুখে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিত্সক ডা. শামীমুল ইসলাম জানান, ভিকটিমের শরীরের প্রায় ৮ থেকে ১০ শতাংশ ঝলসে গেছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ করা হয়েছে বলে খবর শুনেছি। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।