রাজশাহীতে স্ত্রীকে প্রকাশ্যে গলা কেটে হত্যার দায়ে স্বামী আয়নাল হককে (৩০) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর দায়রা ও জজ আদালতের বিচারক ও এইচ এম ইলিয়াস হোসাইন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আয়নাল হক রাজশাহীর পবা উপজেলার বায়া ভোলাবাড়ি গ্রামের একরাম আলীর ছেলে।
২০১৬ সালের ১৭ এপ্রিল পারিবারিক কলহের জের ধরে বাড়ির সামনে আয়নাল প্রকাশ্যে তার স্ত্রী সাফিয়া খাতুন ওরফে বুলবুলিকে (২৫) গলা কেটে হত্যা করে। ঘটনার পরই পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় নগরীর শাহমখদুম থানায় আয়নালের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন বুলবুলির বাবা জয়নাল আলী।