মহেশপুরে ফেনসিডিল জব্দ
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুর পলিয়ানপুর সীমান্তে ১৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে ৫৮ বিজিবি। বুধবার বিকালে ৫৮ বিজিবির পলিয়ানপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে জিন্নানগর পশ্চিম মোড় থেকে ফেনসিডিলগুলো জব্দ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলের মালিক পালিয়ে যায়।
বালিকাদের ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প
কিশোরগঞ্জ প্রতিনিধি ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় কিশোরগঞ্জ সদর উপজেলায় শেষ হলো অনূর্ধ্ব ১৬ বালিকাদের ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার সমাপনী দিনে প্রশিক্ষণে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন কিশোরগঞ্জ পৌরসভা মেয়র মাহমুদ পারভেজ। কিশোরগঞ্জ সদর উপজেলার ছয়টি স্কুলের ৪৮ জন বালিকা নিয়ে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় ৮ জুলাই।
দুর্গাপুরে বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা দুর্গাপুরে টানা কয়েকদিনের বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন। বৃহস্পতিবার বন্যাকবলিত এলাকা উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর বাস্তবায়নে ২২৫টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম।
সুজানগরে মাঠ দিবস অনুষ্ঠিত
সুজানগর (পাবনা) সংবাদদাতা সুজানগরে আউশ প্রদর্শনীর উপর এক মাঠ দিবস বৃহস্পতিবার উপজেলার ভিটবিলা গ্রামে অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং রাজস্ব খাতের অর্থায়নে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত্ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
মাদকবিরোধী আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট
গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে মাদকবিরোধী বিল্ড ফর নেশন আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে স্বেচ্ছাসেবী সংগঠন বিল্ড ফর নেশন আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মানি। উদ্বোধনী ম্যাচে গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে গোপালগঞ্জ শহরের শেখ রাসেল উচ্চ বিদ্যালয়কে হারায়।
পলাশে কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষমেলা শুরু
পলাশ (নরসিংদী) সংবাদদাতা পলাশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা শহীদ মিনার চত্বরে চার দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষমেলা বৃহস্পতিবার শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ।