তাসকিনের ৪ উইকেট

২৯৯ রানে পিছিয়ে বিসিবি একাদশ

কর্ণাটকে মিনি রঞ্জি ট্রফিতে দ্বিতীয় চার দিনের ম্যাচে বল হাতে জ্বলে উঠেছেন তাসকিন আহমেদ। ৬৯ রানে চার উইকেট নিয়ে ডানহাতি এই পেসার ভালো করলেও গতকাল ম্যাচের তৃতীয় দিন শেষে ডা. ডিওয়াই পাতিল ক্রিকেট একাডেমির বিরুদ্ধে ২৯৯ রানে পিছিয়ে আছে বিসিবি একাদশ। চিন্নাস্বামী স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৭৪ রান তুলে দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। ইকবাল আব্দুল্লাহ ৪২ ও মুকেশ চৌধুরী ৪ রানে ব্যাট করছেন।

এখন ম্যাচটা বাঁচাতে বা ড্র করতে হলে আজ শেষ দিনে প্রায় ৯০ ওভারই ব্যাটিং করতে হবে মুমিনুল হকের দলকে। গতকাল বিসিবি একাদশের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩০৬ রানে। গতকাল ৪৫ রান যোগ করতেই শেষ ৫ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। নুরুল হাসান সোহান ৮৭, সাইফ হাসান ২৭, নাঈম হাসান ১০ রান করেন। পাতিল ক্রিকেট একাডেমির পক্ষে মুকেশ চৌধুরী তিনটি, আকিব কুরেশি-সাইরাজ পাতিল-নওশাদ শেখ দুটি করে উইকেট নেন।

পরে ২৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে স্বাগতিকরা। তাসকিনের বোলিং তোপে ৪২ রানে ৪ উইকেট হারায় তারা। হার্দিক তামোর, সারদেশাই, রঞ্জনকে বোল্ড করেন তাসকিন। মিডল অর্ডারে নওশাদ শেখের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় পাতিল ক্রিকেট একাডেমি। তিনি ১০৮ রান করেন। সরফরাজ খান ৩৬, সাইরাজ পাতিল ২৯, আমান খান ১২ রান করেন। বিসিবি একাদশের শহীদুল, তাইজুল, নাঈম হাসান ও মুমিনুল একটি করে উইকেট পান।