দক্ষিণ আফ্রিকা সফরের ইমার্জিং নারী দল ঘোষণা

বিকল্প খেলোয়াড় তৈরিই মূল লক্ষ্য

 ‘এ’ দল নয় ইমার্জিং ক্রিকেট দলের ব্যানারে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন নারী ক্রিকেটাররা। সফরে স্বাগতিকদের ইমার্জিং দলের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ ইমার্জিং নারী ক্রিকেট দল। গতকাল বিসিবির উইমেন্স উইং থেকে জানা গেছে, আগামীকাল সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের ফ্লাইটে দেশ ছাড়বেন নারী ক্রিকেটাররা। অপারেশন্স ম্যানেজার হিসেবে দলটার সঙ্গে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম।

এদিকে এই সফরের জন্য গতকাল ১৪ সদস্যের ইমার্জিং নারী দল ঘোষণা করেছে বিসিবি। অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নিগার সুলতানা। জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান তিনি। দলে রাখা হয়নি পাঁচ সিনিয়র ক্রিকেটারকে। তারপরও সালমা খাতুন, রুমানা আহমেদ, শামীমা সুলতানা, লতা মন্ডল, আয়েশা রহমান শুকতারাও দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন ইমার্জিং দলের সঙ্গে। সিরিজ চলাকালীন দলের সঙ্গে অনুশীলনে থাকবেন তারা। জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার ছাড়াও কয়েকজন নতুন মুখ আছে ইমার্জিং দলে।

দক্ষিণ আফ্রিকা পৌঁছে প্রিটোরিয়ায় ২১, ২২ জুলাই দুইদিন অনুশীলন করবে ইমার্জিং দল। তারপর ২৩, ২৫, ২৮ জুলাই স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ইমার্জিং দল। ৩১ জুলাই, ১ ও ৪ আগস্ট ম্যান্ডেলা ওভালে অনুষ্ঠিত হবে তিনটি টি-২০ ম্যাচ।

সফরে জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার দিকে নজর দিবে বাংলাদেশ। জাতীয় দলের জন্য ভালো বিকল্প খেলোয়াড় তৈরিতেই মনোযোগ দিতে চান বাংলাদেশ নারী ক্রিকেট দলের হেড কোচ অঞ্জু জেইন। গতকাল মিরপুর স্টেডিয়ামে প্রাক-সফর সংবাদ সম্মেলনে ভারতীয় এই কোচ বলেছেন, ‘ইমার্জিং দলের সফরটা খুব ভালো দিক। কারণ বেঞ্চের শক্তির উন্নতির দিকে তাকিয়ে আছি আমরা। এবং আরো সিরিজ আসছে ‘এ’ দলের। এশিয়া কাপও আছে। তাই এই সফর খেলোয়াড়দের তৈরি করার জন্য বড়ো সুযোগ। বিকল্প তৈরি করা এবং বেঞ্চের শক্তি বাড়াতে চাই। এই সফর নিশ্চিতভাবেই আমাদেরকে সাহায্য করবে।’

ইমার্জিং দলে নতুন কয়েকজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। অবশ্য জাতীয় দলের আশপাশেই ছিলেন তারা। হেড কোচের আশা, নতুনরা এই সুযোগটা কাজে লাগাবেন। গতকাল অঞ্জু জেইন বলেছেন, ‘চার-পাঁচটা মেয়ে আছে যারা আগে হয়ত একবার বিদেশ সফরে গিয়েছে। তারা প্রায় নতুনই বলা চলে। তাই এটা তাদের জন্যও বড়ো সুযোগ।’

সম্প্রতি রাজশাহীতে তিন সপ্তাহের ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স ও ক্যাম্পে অনুশীলন দেখেই সুযোগ দেওয়া হয়েছে এসব ক্রিকেটারকে। গতকাল অঞ্জু জেইন বলেছেন, ‘রাজশাহীতে আমরা তিন সপ্তাহের ক্যাম্প শেষ করে এসেছি। এবং প্রিমিয়ার লিগ খেলার সময় তাদেরকে আমরা পর্যবেক্ষণ করেছি। অনেক প্রতিভা আছে, ২৮ জন মেয়ে থেকে আমরা শর্ট লিস্ট করেছি। ওই ক্যাম্প থেকেই নতুনদের নির্বাচন করেছি। তারা অনেক প্রতিভাধর ও ভালো। আমি আশা করি দলে আসা মাত্রই তারা পারফর্ম করতে শুরু করবে।’

বাংলাদেশ ইমার্জিং নারী দল:

নিগার সুলতানা (অধিনায়ক), শারমিন সুলতানা, মুর্শিদা খাতুন হ্যাপি, সোবহানা মোস্তারি, খাদিজাতুল কোবরা, ফাহিমা খাতুন, সুরাইয়া আজমিন, শায়লা শারমিন, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রীতু মনি, সানজিদ ইসলাম, নুজহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা।