বন্যায় মানুষের ঘরে আশ্রয় বাঘের

ভারতের আসামে ভয়াবহ বন্যার কারণে লোকালয়ে আশ্রয় নিয়েছে একটি বাঘ। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের এই বাঘটিকে একটি ঘরের বিছানায় শুয়ে থাকতে দেখা গেছে বলে এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার টুইটারে ওয়াইল্ডলাইফ ট্রাস্ট ইন্ডিয়ার পোস্ট করা ঐ ছবিতে ক্লান্ত এক রয়েল বেঙ্গল টাইগারকে একটি ঘরের বিছানায় শুয়ে থাকতে দেখা গেছে। পাশের ঘরের দেয়ালের ফুটো থেকে বাঘের ঐ ছবিটি তোলা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তারা বাঘটিকে অচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওয়াইল্ডলাইফ ট্রাস্ট জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ন্যাশনাল পার্কের ২০০ মিটার দূরে মহাসড়কের পাশে বাঘটিকে দেখা যায়; প্রাণীটি এরপর কারবি হিলসের পথে মহাসড়ক ধরে আরো প্রায় ৫০০ মিটার এগিয়ে যায়। এরপর সম্ভবত খানিকটা বিরক্ত হয়েই কাছের একটি বাতিল জিনিসপত্রের গ্যারেজের দেয়াল টপকে ভেতরে ঢুকে পড়ে এবং একটি অন্ধকার ঘরে আশ্রয় নেয়। বাঘটিকে দেখে প্রতিবেশীরা চিত্কার দিয়ে সতর্ক করলে বাড়ির মালিক তার গৃহে ‘অনাহূত অতিথির উপস্থিতি’ টের পান। টুইটার ব্যবহারকারীরা বলছেন, বন্যার সঙ্গে লড়াই করে বাঘটি অনেক ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছে। বাঘটিকে অচেতন করে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বন কর্মকর্তারা।           —এনডিটিভি