ভারতের চন্দ্রযান-২-এর উেক্ষপণ ২২ জুলাই

যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত হয়ে যাওয়া ভারতের চন্দ্রযান-২ এর উেক্ষপণ আগামী ২২ জুলাই হবে বলে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে। দুপুর ২টা ৪৩ মিনিটে এ অভিযান শুরু হবে। এর আগে গত রবিবার উেক্ষপণের প্রায় এক ঘণ্টা আগে তা স্থগিত হয়ে যায়। গতকাল নতুন এ দিনক্ষণ ঘোষণা করা হয়।

ইসরো জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে নামার লক্ষ্যে চন্দ্রযান-২ ঐদিন স্থানীয় সময় বেলা ২টা ৪৩ মিনিটে তার যাত্রা শুরু করবে। সবকিছু ঠিকঠাক থাকলে ঐদিনই মহাকাশ যানটি তার কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার উদ্দেশে রওয়ানা হবে। সফলভাবে চাঁদে অবতরণ করতে পারলে চন্দ্রযান-২ ভারতকে চন্দ্রজয়ী রাষ্ট্রগুলোর তালিকায় চতুর্থ স্থানে নিয়ে যাবে। এর আগে কেবল রাশিয়া (সোভিয়েত রাশিয়া), যুক্তরাষ্ট্র ও চীনই পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহে নামতে পেরেছিল। যানটি উেক্ষপণের প্রথম প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ব্যাপক মাত্রায় সতর্কতা নিশ্চিত করতে চন্দ্রযান-২ এর উড্ডয়ন পেছানো হয় বলে  ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছিল। যান্ত্রিক ত্রুটিটি যদি আগে থেকে চিহ্নিত করা না যেত, তাহলে চন্দ্রযান-২ অভিযান ‘পুরোপুরি ব্যর্থতায়’ পর্যবসিত হতে পারত বলে জানিয়েছেন ইসরোর এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ‘সমস্যাটি গুরুতর হলেও এর সমাধান ছিল সোজা। সৌভাগ্যবশত, আমরা আগেই সমস্যাটি ধরতে পেরেছিলাম। অন্যভাবে বললে, ১০০ কোটি ভারতীয়র প্রার্থনা ও শুভেচ্ছাই আমাদের এ অভিযানকে পুরোপুরি ব্যর্থ হওয়ার হাত থেকে বাঁচিয়েছে,’ বলেছেন তিনি।

উেক্ষপণের অল্প সময় আগে জটিল শেষ পর্যায়ের ‘ক্রায়োজেনিক স্টেজে’ ঐ ত্রুটিটি ধরা পড়েছিল। তখন চন্দ্রযান ২-কে বহনকারী রকেট ‘বাহুবলী’ থেকে প্রবল দাহ্য তরল হাইড্রোজেন ও অক্সিজেন বের হয়ে আসছিল। ৬৪০ টন ওজনের, ১৫ তলা উঁচু এ জিএসএলভি এমকে থ্রি রকেট বাহুবলীই চন্দ্রযান-২ এর অরবিটার, ল্যান্ডার ‘বিক্রম’ ও রোভার ‘প্রজ্ঞান’কে চাঁদের পথে নিয়ে যেত।

চাঁদের যে অংশে চন্দ্রযান-২ এর নামার কথা এর আগে সেখানে কোনো দেশের কোনো মহাকাশযান নামেনি। ২০০৮ সালে চাঁদের কক্ষপথে যাওয়া ভারতের প্রথম মহাকাশযান চন্দ্রযান-১ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহে থাকা হাইড্রক্সিল আয়নের হদিস পেয়েছিল। এবারের দ্বিতীয় অভিযানের উদ্দেশ্য, চন্দ্রপৃষ্ঠের বালিকণায় থাকা খনিজ ও মৌল পদার্থ সম্বন্ধে জানা।