নেত্রকোনায় ব্যাগ থেকে শিশুর মাথা উদ্ধার

নেত্রকোনার পৌর এলাকার নিউটাউন পচা পুকুর (অনন্ত পুকুর) পাড় এলাকায় গতকাল বৃহস্পতিবার ব্যাগ থেকে সজিব নামে এক শিশুর মস্তক উদ্ধারের পর খুনি যুবক গণপিটুনিতে নিহত হয়েছে। নিহত শিশুটি হচ্ছে নেত্রকোনা পৌর এলাকার কাটলি গ্রামের রিকশাচালক রইস উদ্দিনের পুত্র সজিব। এই ঘটনায় পুরো জেলা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও এলাকার লোকজন জানান, গতকাল দুপুরের দিকে পৌর এলাকার কাটলি গ্রামের এখলাস উদ্দিনের ছেলে রবিন (৩৫) চকপাড়া শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে দিয়ে চলাচলের সময় তার ছালার ব্যাগ থেকে একটি মস্তক পড়ে যায়। এলাকার লোকজন তা দেখে ফেলে চিত্কার করতে থাকলে রবিন মস্তক নিয়ে দৌড়ে পালাতে থাকে এবং নিউটাউন পচা পুকুরের নিকট পৌঁছামাত্র চারদিক থেকে আসা লোকজনের গণপিটুনিতে সে নিহত হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ওসি এবং পুলিশ ঘটনাস্থলে যান এবং শিশুর মস্তক ও নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে নিয়ে আসেন। খবর পেয়ে পিতা রইস উদ্দিন থানায় গিয়ে সজিবের লাশ শনাক্ত করে জানান, বেলা ১১টার দিকে সজিব তার কাছে আইসক্রিম খাওয়ার জন্য ৫টি টাকা চায়। কিন্তু তার বাবা তাকে ৫ টাকা দেয়নি। এরপর থেকেই সজিব নিখোঁজ ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম বলেন, বিষয়টি তারা তদন্ত করে দেখছেন এবং শিশু খুনের বিষয়টির খোঁজ খবর নিচ্ছেন। খুনের মোটিভ কি তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, শিশু সজিবের পিতার সঙ্গে খুনি রবিনের পূর্ব পরিচয় ছিল। সে সজিবের পিতার মতো রিকশাচালক থাকলেও পরে মাদকাসক্ত হয়ে পড়ে। এ ঘটনায় আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানান তিনি।