সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বৈরাচারী এরশাদ সরকারের মতোই বর্তমান সরকারও গণতন্ত্র হরণ করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে। সকলে জামিন পেলেও খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না। বর্তমান সরকার এখন বিচার বিভাগেও হস্তক্ষেপ করছে। গতকাল বৃহস্পতিবার বিকালে বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাঁহ ময়দানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, এ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এক দলীয় সরকার ব্যবস্থা কায়েম করে নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। যেখানে কৃষকরা ধানের ন্যায্যমূল্য পায় না, সেখানে সরকারি কর্মকর্তাদের বেতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর অন্যদিকে এ সরকার উন্নয়নের কথা বলে নিজেদের ঢোল নিজেরাই পেটাচ্ছে আর নিজেদের পকেট ভারি করছে।  বিএনপি মহাসচিব বলেন, দেশে আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। কোথাও কারো নিরাপত্তা নেই। এ সরকারের আমলে মানুষের জীবনের কোনো মূল্য নেই। মানুষের অধিকার বলে কিছু নেই। অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি খালেদা জিয়ার মুক্তির দাবিতে যে কোনো কর্মসূচিতে বরিশালবাসীকে পাশে থাকার আহ্বান জানান।

বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার সভাপতির বক্তব্যে বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রাজনীতির স্টাইল পরিবর্তন করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য খালেদা জিয়ার মুক্তি আগে দরকার। জনগণের দ্বারা নির্বাচিত সরকার ছাড়া দেশে সু-শাসন সম্ভব নয়।

বিভাগীয় এ সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর (বীর উত্তম), ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্ট বার সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) বিলকিস জাহান শিরিন প্রমুখ।