তুরস্ক হয়ে ইউরোপ যাওয়ার পথে অবৈধ অভিবাসী বহনকারী একটি মিনিবাস দুর্ঘটনায় অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০। বাসটি বৃহস্পতিবার তুরস্কের পূর্বাঞ্চলের ভ্যান প্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিক থাকতে পারে বলে দেশটির সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত যাত্রীবাহী ওই মিনিবাসটি ভ্যান শহরের সঙ্গে ওজালপ জেলার সংযোগকারী একটি সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। সাধারণত ওই মিনিবাসে ১৭ থেকে ১৮ জনের আসনের ব্যবস্থা আছে। কিন্তু বাসটিতে ৬৭ জন যাত্রীকে তোলা হয়েছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি পাহাড়ি সড়ক থেকে গভীর খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় ২০ জনের বেশি মানুষ আহত হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
আরো পড়ুন: বন্যা থেকে বাঁচতে গৃহস্থের বিছানায় ঠাঁই নিল বাঘ!
উল্লেখ্য, ইরান-তুরস্ক সীমান্তের ভ্যান প্রদেশ হয়ে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমায় বিভিন্ন দেশের অবৈধ অভিবাসনপ্রত্যাশীরা।-সিনহুয়া
ইত্তেফাক/এমআর