টঙ্গীতে কাঁচা ভুঁড়ির দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

গাজীপুরের টঙ্গীর ৪৮নং ওয়ার্ড দত্তপাড়া এলাকার বনমালা রোডস্থ মৃধা মার্কেটে সরকারি অনুমোদনহীন গরুর ভুঁড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানা থেকে নিঃসৃত কাঁচা ভুঁড়ির দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। গাজীপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে পরিবেশ দূষণের কথা উল্লেখ করে গণস্বাক্ষরযুক্ত লিখিত অভিযোগ একাধিকবার করেন স্থানীয়রা। কিন্তু সিটি করপোরেশন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন শফির কাছে এলাকাবাসী একাধিকবার অভিযোগ দিলেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কাউন্সিলরের কাছে অভিযোগ দেওয়ায় ভাড়াটে সন্ত্রাসী দিয়ে স্থানীয়দের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। কাঁচা ভুঁড়ির দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে মৃধা মার্কেটের অনেক ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে রাখছেন।

এলাকাবাসী ও আশপাশের ব্যবসায়ীরা জানান, যখন কাঁচা ভুঁড়ি বোঝাই ট্রাক কারখানার সামনের সড়কে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে তখন তীব্র দুর্গন্ধের কারণে এ সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় পথচারীরা সহজে চলাচল করতে পারে না। দুর্গন্ধের কারণে আমাদের দোকানে ক্রেতারা আসে না। দুর্গন্ধের কারণে এলাকায় বসবাস করা স্থানীয়দের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। ইতিপূর্বে কাঁচা ভুঁড়ির কারখানাটি মিরপুর ও গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ছিল। কিন্তু দুর্গন্ধের কারণে সেখানকার বাসিন্দাদের চাপে কারখানাটি এ এলাকায় নিয়ে আসে। এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম জহুরুল আলম বলেন, কাঁচা ভুঁড়ির দুর্গন্ধে পরিবেশ দূষিত হওয়ার বিষয়টি নিয়ে এলাকাবাসী গাজীপুর সিটি করপোরেশনে লিখিত অভিযোগ করলে সিটি করপোরেশনের পক্ষ থেকে কাঁচা ভুঁড়ির কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট সালাম সরকার বলেন, যদি পরিবেশ দূষণের কারণে এলাকাবাসীর সমস্যা হয় তাহলে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ঐ কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।