মুন্সীগঞ্জের শ্রীনগরে সাপের কামড়ে সাফিয়া বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু ঘটেছে। উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বনগাঁও গ্রামে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ৬টার দিকে সাফিয়া বেগম বসতঘরে শুয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে তিনি মারা যান। সাফিয়া বেগম বনগাঁও গ্রামের মৃত মো. মোসলেম শেখের স্ত্রী। বনগাঁও গ্রামের অনেকেই জানান, সাফিয়া বেগমকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে জানতে পারেন সেখানে এ রোগীর জন্য সাপের বিষের প্রতিষেধক ভ্যাকসিন নেই। ঢাকা মেডিক্যালে নিতে দেরি হওয়ায় তাকে বাঁচানো যায়নি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ রেজাউল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দেড় বছর আগে সাপে কাটা রোগীর প্রতিষেধক ভ্যাকসিন এসেছিল। কিন্তু এখন ভ্যাকসিন আসছে না বলে সাপে কাটা রোগীদের চিকিত্সা সেবা দিতে পারছি না।’