বন্ধুদের নিয়ে নদীতে গোসল করতে এসে স্রোতের টানে ভেসে যাওয়া এক বন্ধুকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন রকিবুল (২৪) নামে এক যুবক। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। গত বুধবার বিকালে বন্দরের নবীগঞ্জের শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে। তবে স্রোতের টানে ভেসে যাওয়া বন্ধুটি একটি নৌকা ধরে প্রাণে বেঁচে গেছেন। রকিবুল খানপুর এলাকায় আত্মীয়ের বাড়িতে থেকে ফতুল্লার শিবুমার্কেট এলাকায় একটি ওয়ার্কশপে কাজ করতেন।
জানা গেছে, রকিবুল বুধবার বিকালে কয়েকজন বন্ধুর সঙ্গে শীতলক্ষ্যায় গোসল করতে নামে। রকিবুল ও তার এক বন্ধু নদীরপাড়ে নোঙর করা জাহাজ থেকে নদীতে ঝাঁপ দিতে থাকে। এক পর্যায়ে তার বন্ধুকে স্রোতের টানে ভেসে যেতে দেখে জাহাজ থেকে লাফিয়ে বন্ধুকে বাঁচাতে এগিয়ে যায় রকিবুল। পরে স্রোতের তোড়ে নিজেই পানিতে তলিয়ে যান। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে আমাদের তিনটি টিম বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চেষ্টা করেও রকিবুলের কোনো খোঁজ পায়নি। পানিতে তলিয়ে গেলে স্রোতের টানে তার অন্য কোথাও চলে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।