খাদ্য ও ওষুধে ভেজাল রোধে পৃথক সংস্থা হওয়া দরকার :মোহাম্মদ নাসিম

১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী দেশ ভারতের আদলে খাদ্য, ওষুধ ও সারসহ কৃষিবীজে ভেজাল প্রতিরোধে দেশে পৃথক একটি কার্যকর সংস্থা থাকা খুব জরুরি। কারণ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় না থাকার কারণেই ভেজাল প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। এই ধরনের একটি সংস্থা প্রতিষ্ঠায় আইন করারও পরামর্শ দিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তিনি এ প্রস্তাব দেন। কমিটির সদস্যরা তার প্রস্তাবের সঙ্গে সম্পূর্ণ সহমত পোষণ করেন।

বৈঠক শেষে কমিটি সভাপতি মোহাম্মদ নাসিম ইত্তেফাকের সঙ্গে আলাপকালে বলেন, ১৯৩০ সাল পর্যন্ত ভেজাল নিয়ে সংকটে ছিল যুক্তরাষ্ট্র। পরে তারা ভেজাল রোধে ‘এফডিএ’ নামে একটি পৃথক সংস্থা প্রতিষ্ঠা করে। ভারতেও পৃথক সংস্থা আছে। আমাদের দেশে পৃথক সংস্থা না থাকার কারণে দেখা যাচ্ছে কেউ জরিমানা করছে, আবার কেউ একই প্রতিষ্ঠানকে বৈধতার লাইসেন্স দিচ্ছে। সেজন্য কমিটির পক্ষ থেকে আমাদের প্রস্তাব হচ্ছে জাতিকে মরণব্যাধি ক্যানসারসহ অন্যান্য জটিল রোগ থেকে রক্ষাকল্পে নিরাপদ খাদ্য ও ওষুধ নিশ্চিতে একটি পৃথক সংস্থা করা উচিত। আইন করে প্রয়োজনে সেই সংস্থার একজন চেয়ারম্যান থাকতে পারেন, যাকে মন্ত্রীর পদমর্যাদাও দেওয়া যেতে পারে। অর্থাত্ প্রস্তাবিত এই সংস্থার চেয়ারম্যানের নির্দেশ যেন সংশ্লিষ্ট সবাই মানতে বাধ্য থাকে।

মোহাম্ম নাসিম জানান, সংসদীয় কমিটির বৈঠকে আমরা বাণিজ্য, খাদ্য, স্বাস্থ্য, শিল্প ও কৃষি মন্ত্রীকে বিশেষভাবে আমন্ত্রণ জানাবো। তাদের মতামতের ভিত্তিতে আমরা ভেজাল রোধে সংস্থা প্রতিষ্ঠার বিষয়ে সুপারিশ প্রণয়ন করব।

এদিকে, সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে— এ বৈঠকে জানানো হয় খাদ্য খাতে দুর্নীতি সংক্রান্ত যে কোনো অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ খাতে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে দুর্নীতি শতভাগ দূরীকরণের ব্যাপারে নির্দেশনা প্রদান করে সংসদীয় কমিটি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রবণতা রোধ ও নিম্ন আয়ের জনগণকে খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে সারাদেশে পরিচালিত ওএমএস কার্যক্রম আরো স্বচ্ছতার সাথে পরিচালনার স্বার্থে নজরদারি ও তদারকি জোরদারের নির্দেশনা দেয় কমিটি। বৈঠকে চলমান বন্যা পরিস্থিতি  মোকাবিলায় মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান কমিটির সভাপতি  মোহাম্মদ নাসিম। তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য— খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ, হাজী সেলিম, আতিউর রহমান আতিক, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আতাউর রহমান খান ও আঞ্জুম সুলতানা অংশ নেন।