বন্ড সুবিধার অপব্যবহারকারীদের তালিকা চেয়েছে বিজিএমইএ

রপ্তানির কাঁচামাল আমদানিতে বন্ড সুবিধার নামে শুল্কমুক্ত আমদানির সুবিধা অপব্যবহার করে খোলাবাজারে পণ্য বিক্রিতে দায়ীদের নামের তালিকা চেয়েছে এ খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএতে আয়োজিত এক সভায় সংগঠনের সভাপতি ড. রুবানা হক বলেন, বন্ডের অপব্যবহারকারীদের নাম পেলে বিজিএমইএ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। বন্ড ব্যবস্থাপনায় বিদ্যমান অনিয়ম দূর করে এ খাতে শৃঙ্খলা আনার লক্ষ্যে ঐ বৈঠকের আয়োজন করা হয়। এতে বিজিএমইএর  নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা কাস্টমস বন্ড কমিশনার এস এম হুমায়ূন কবীর ও চট্টগ্রাম বন্ড কমিশনার মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

আলোচনায় বন্ড সুবিধার অপব্যবহার এবং খোলাবাজারে বন্ডের আওতায় আমদানি হওয়া মালামাল বিক্রি করে দেওয়ার বিষয়টি গুরুত্ব পায়। এর ফলে সরকারের রাজস্ব ক্ষতি ও স্থানীয় শিল্প বৈষম্যের মুখে পড়ছে বলেও উল্লেখ করা হয়।

বৈঠক সূত্র জানায়, বন্ড কমিশনারেটের পক্ষ থেকে কাঁচামালের প্রাপ্যতার ঘোষণা (ইউডি) সংশোধনে অনিয়মের বিষয়টি উল্লেখ করা হয়। ইউডি সংশোধন হলেও তা অনলাইনে বন্ড কমিশনারেটকে অবহিত না করা এবং এর ফলে প্রয়োজনের অতিরিক্ত কাঁচামাল আমদানি করে তা খোলাবাজারে বিক্রির সুযোগ রয়েছে বলেও আলোচনায় উঠে আসে। এ সময় বন্ডের অপব্যবহার রোধে বিজিএমইএ ও বন্ড কমিশনারেট একযোগে কাজ করার বিষয়ে সম্মত হয়।