থাইল্যান্ডে অনুষ্ঠানরত ইনডোর এশিয়া কাপ হকিতে শেষ খেলায় বাংলাদেশ দল ৩-১ গোলে থাইল্যান্ডের কাছে হেরেছে। এই ম্যাচে জয় পেলে টুর্নামেন্টের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলার সম্ভাবনা ছিল বাংলাদেশের। আজ গ্রুপ পর্বের শেষ খেলার পর বাংলাদেশ চতুর্থ স্থানে থাকলে ২০ জুলাই অন্য গ্রুপের চতুর্থ দলের বিপক্ষে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ পাবে।
টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় ম্যাচ হারের পর তৃতীয় খেলায় ফিলিপাইনকে হারিয়ে আত্মবিশ্বাস পেয়েছিল বাংলাদেশ। লড়াইটাও করেছিল। কিন্তু পারেনি। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে শিতুল, জিমি, কৌশিকরা। দ্বিতীয়ার্ধে প্রতিরোধ গড়ে এক গোল শোধ করলেও শেষ পর্যন্ত ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ৪ ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের চতুর্থ স্থানে বাংলাদেশ।