বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতিসংঘের হিসেবে বাংলাদেশের প্রায় আড়াই কোটি মানুষ তিন বেলা পেট ভরে খেতে পায় না। গত এক দশকে অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা অন্তত ১০ লাখ বেড়েছে। অপর দিকে, এই সরকার বলছে, দেশে উন্নয়নের জোয়ার বইছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে আসছেন, ‘দেশে কোনো হাহাকার নেই। অভুক্ত মানুষ নেই’। কিন্তু বাস্তবে সরকার তথাকথিত উন্নয়নের ফাঁপরবাজির মাধ্যমে সাধারণ জনগণকে ধোঁকা দিয়ে জোর করে ক্ষমতার মসনদ দখল করে স্বৈরশাসন চালাচ্ছে। গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, জনগণের টুঁটি চেপে ধরা এই সরকারের চাপাবাজ মন্ত্রীরা বলছেন, বাংলাদেশ নাকি সিঙ্গাপুর, কানাডা এবং ইউরোপের মতো উন্নত দেশে পরিণত হচ্ছে। দেশে নাকি কোনো গরিব নেই।