বরগুনার বেতাগী এলাকায় সড়কে গাছ ফেলে ঢাকা থেকে বরগুনাগামী একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। একই সময়ে লাবিবা পরিবহনের আরও একটি যাত্রীবাহী বাসে হামলা চালায় ডাকাতদল।
সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে বরগুনার বেতাগী উপজেলার বরগুনা-বরিশাল সড়কের গলাচিপা ও চান্দুখালী নামক এলাকার মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে। এ সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে মোবাইল ফোনসহ নগদ টাকা লুট করে ডাকাতরা।
বেতাগী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তাছাড়া একই সময়ে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা লাবিবা পরিবহন নামে আরও একটি বাসে হামলার ঘটনা ঘটে। সড়কে গাছ ফেলে দুটি ট্রাক ও একটি পিকআপের গতিরোধ করে এ হামলা চালানো হয়। তবে এ ঘটনায় লাবিবা পরিবহনের চালক সামান্য আহত হলেও দুটি বাসে থাকা যাত্রীদের কারো কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার রাতে ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরগুনার উদ্দেশ্যে রওনা হয়। পরে বেতাগী উপজেলার বরগুনা-বরিশাল সড়কের গলাচিপা নামক এলাকায় যাত্রী নামিয়ে চান্দখালী এলাকায় পৌঁছালে সামনে একটি লাবিবা পরিবহনের বাস ও কয়েকটি ট্রাক দাঁড়ানো অবস্থায় দেখতে পান গাড়ির চালক। এ সময় গাড়ির গতি কমিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই সড়কের পাশ থেকে কয়েকজন ডাকাত সদস্যরা অস্ত্রের আঘাতে চালকের পাশে থাকা জানালার গ্লাস ভেঙে ফেলেন।
পরে বাস চালকের গলায় অস্ত্র ঠেকিয়ে ৭ থেকে ৮ জন ডাকাত সদস্য দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির ভেতরে প্রবেশ করে যাত্রীদের জিম্মি করেন। এ সময় যাত্রীদের সঙ্গে থাকা বিভিন্ন মালামালসহ মোবাইল ফোন ও নগদ টাকা লুট করেন তারা। পরে খবর পেয়ে সড়কে টহলে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যান ডাকাতরা।
ডাকাতির শিকার ইমরান পরিবহনের চালক মো. আয়নাল বলেন, লাবিবা পরিবহনের একটি বাস সড়কে দাঁড়ানো দেখে তার পেছনে গাড়ি থামাই। এ সময় হঠাৎ দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আমার পাশের একটি জানালার গ্লাস ভেঙে আমার গলায় অস্ত্র ধরে কয়েকজন ডাকাত সদস্য। এ ছাড়া আমার চোখের ওপরে তারা লাইট জ্বালিয়ে রাখে, যাতে সামনে কিছু না দেখতে পাই। পরে অন্য সদস্যরা বাসের দরজার গ্লাস ভেঙে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। এ সময় দেশীয় অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের মোবাইলসহ বিভিন্ন মালামাল লুট করে তারা। তবে এ ঘটনার তিন থেকে চার মিনিটের মধ্যে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেলে দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যান ডাকাতরা।
এ ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, বেতাগী থানায় আমাদেরকে যেতে বলেছে পুলিশ। সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে থানায় যাব। ঘটনার সময়েই ডাকাতদের ধরতে ধাওয়া করলেও তাদের ধরতে সক্ষম হয়নি পুলিশ।
লাবিবা পরিবহনের স্টাফ মো. শামীম বলেন, বরিশাল-বরগুনা সড়কের গলাচিপা ও চান্দখালী সড়কের মাঝামাঝি পৌঁছালে সড়কে দুটি পিকআপ ভ্যান ও একটি ছোট পিকআপ দাঁড়ানো দেখে আমরা গাড়ি থামাই। এ সময় হঠাৎ তিন-চারজন ডাকাত সদস্য মিলে আমাদের গাড়িতে ডাকাতির চেষ্টা করে বাসের কয়েকটি গ্লাস ভাঙচুর করে। পরে গাড়ি চালিয়ে পেছনের দিকে যাওয়া শুরু করলে আরও প্রায় ১৩ থেকে ১৪ জন ডাকাত সদস্যদের দেখতে পাই। একটু পরই ইমরান পরিবহনের বাসটি এসে পৌঁছালে ওই বাসে হামলা চালিয়ে বাসের ভেতরে প্রবেশ করে ডাকত সদস্যরা।
এ বিষয়ে বেতাগী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়েই সড়কে ডিউটিরত টহল পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত সদস্যরা পালিয়ে যান। যাত্রীদের নিরাপত্তায় সড়কে পুলিশের টহল জোরদার রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ছাড়া লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।