সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহতের খবর পাওয়া গেছে।
সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের নামাজের পর বেলা ১১টায় উপজেলার লামার দমদমীয়া গ্রামের দুর্ঘামারা বিলের পাড়ে এ ঘটনা ঘটে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই ইউনিয়নের ভিতরগুল ও লামার দমদমীয়া গ্রামের লোকজনের মধ্যে দুর্ঘামারা বিলের পাড়ের একটি খেলার মাঠে ফুটবল খেলা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ নিয়ে উভয় গ্রামের মধ্যে গত কয়েক দিন ধরে স্থানীয় সালিশ চলে আসছিল। সোমবার ঈদের নামাজ শেষে বেলা ১১টার দিকে দমদমীয়া গ্রামের বিবাহিত ও অবিবাহিত যুবকদের মধ্যে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে দমদমীয়া গ্রামের বাসিন্দারা।
অন্যদিকে ভীতরগুল গ্রামের একদল যুবক একই সময়ে মাঠে ফুটবল খেলতে যায়। এ সময় মাঠে ফুটবল খেলতে বাধা দেয় দমদমীয়া গ্রামের কয়েকজন যুবক। এ নিয়ে তর্কের এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
পরে আহতদের গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, ঈদের দিনে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। পুলিশের পক্ষ থেকে আহতদের নাম ঠিকানা সংগ্রহ করা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।