পরিচ্ছন্ন মাঠে হাঁকাল ক্রিকেটের চার-ছক্কা

 ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’-এর উদ্যোগে

আজিমপুর ইরাকি মাঠে পরিচ্ছন্ন অভিযান

ইত্তেফাক রিপোর্ট

রাজধানী ঢাকায় সময়ের সঙ্গে হারিয়ে যাচ্ছে খেলার মাঠ। যেগুলো আছে তাও আবার দখলদারদের দৌরাত্ম্য আর সাধারণ মানুষের অসচেতনতায় হারিয়ে যেতে বসেছে। অবশিষ্ট খেলার মাঠগুলোর যেখানে-সেখানে বাসাবাড়ির বর্জ্য, কলকারখানার ময়লা-আবর্জনা, নির্মাণসামগ্রীসহ বিভিন্নভাবে অপরিচ্ছন্ন থাকছে। ফলে হারিয়ে যাচ্ছে শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার সুস্থ-সবল পরিবেশ। এ রকমই একটি মাঠ আজিমপুর ইরাকি মাঠ। গতকাল ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইনে ঐ মাঠে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পরিচ্ছন্নতা অভিযান শেষে মাঠে জমজমাট প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। পরিচ্ছন্ন মাঠে ক্রিকেট খেলায় চার-ছক্কায় মেতে ওঠে আজিমপুর এলাকার শিশু-কিশোররা। পরিচ্ছন্নতা অভিযানে সহযোগিতা করেন ইরাকি মাঠের উত্তরণ যুব সংসদ।

অভিযানে অংশ নিয়ে পরিচ্ছন্ন বাংলাদেশ ক্যাম্পেইনের দূত চিত্রনায়ক রিয়াজ বলেছেন, ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’-এর উদ্যোগে অপরিচ্ছন্ন মাঠগুলো খেলার পরিবেশ ফিরিয়ে দেওয়ার চেষ্টায় আমি আসতে পেরে ভালো লাগছে। তিনি বলেন, অপরিচ্ছন্নতার কারণে রাজধানীর অনেক খেলার মাঠের পরিবেশ ঠিক নেই। এগুলোতে খেলার কোনো উপযোগিতাও নেই। আমাদের সবাইকে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে। আমার বিশ্বাস, মাঠ পরিচ্ছন্নতার এই উদ্যোগ অব্যাহত থাকবে। এই মাঠগুলো থেকে ভবিষ্যতে আরো ভালো ক্রিকেটার তৈরি হবে।

তিনি বলেন, সমাজের সব সমস্যা আমরা শুধু খুঁজে বেড়াই, সমাধানে কেউ এগিয়ে আসি না। এমন পরিবেশ থেকে বের হয়ে আসতে হবে। শুধু বলা নয়, আমাদের মাঠে নামতে হবে।

খেলার আগে উপস্থিত সবাইকে পরিচ্ছন্নতার বিষয়ে শপথবাক্যও পাঠ করানো হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির, রেকিট বেনকিজারের মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন আহমেদ তারেক এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী কেট।

সালাউদ্দিন আহমেদ তারেক বলেন, সারা দেশের মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে ২০১৭ সাল থেকে ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ ক্যাম্পেইন শুরু হয়। তারই ধারাবাহিকতায় আমরা এবার পরিচ্ছন্ন মাঠ তৈরির উদ্যোগ নিয়েছি। আমরা আশা করি, আবারও খেলার মাঠগুলোতে খেলার পরিবেশ ফিরে আসবে এবং ভালো ক্রিকেটার তৈরি হবে।

উল্লেখ্য, এর আগে ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্যোগে কেরানীগঞ্জ আমবাগিচা মাঠ এবং শাহজাহানপুর মাঠে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।