এক পশলা বৃষ্টির পর একটু স্বস্তি মিলবে- এমন আশায় ছিলেন রাজধানী ঢাকার বাসিন্দারা। কিন্তু সেই আশায় গুঁড়েবালি। টানা কয়েক দিন ঢাকার বাতাসের মান ছিল ‘অস্বাস্থ্যকর’।
তারই ধারাবাহিকতায় সোমবার (৭ এপ্রিল) সকালেও ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
সকাল সাড়ে ৯টা নাগাদ আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারে মিলেছে এমন তথ্য। তথ্য অনুসারে, ১০৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৫তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।
এর আগে গত শনিবার ১৫৫ স্কোর নিয়ে ঢাকার অবস্থান দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ৮ম এবং রোববার ১৪৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৬ষ্ঠ অবস্থানে ছিল রাজধানী ঢাকা।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বাতাসের গুণমান নির্ধারণের একিউআই স্কেল অনুযায়ী ০-৫০ ভালো, ৫১-১০০ মাঝারি, ১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
এছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বাংলাদেশের একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুসারে, বায়ু দূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। এসব রোগে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী প্রতি বছর অন্তত ৭০ লাখ মানুষ মারা যায়।