ভোরে রাজধানীতে ঝুম বৃষ্টি, সঙ্গে বজ্রপাত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭

আবহাওয়ার পূর্বাভাসের মধ্যেই রোববার (২০ সেপ্টেম্বর) ভোররাতে রাজধানীতে তুমুল বৃষ্টি হয়েছে। ভোর সোয়া ৪টার দিকে রামপুরাসহ বিভিন্ন এলাকায় দমকা বাতাসের সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি ও ক্ষণে ক্ষণে বজ্রপাত। বৃষ্টি নামার কিছু সময় পর বাতাসের তীব্রতা কমলেও বজ্রসহ বর্ষণ অব্যাহত থাকে।

এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছিল, ২০ সেপ্টেম্বর রাত ১২টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকার সম্ভাবনা ছিল।

পূর্বাভাস অনুযায়ী, এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, মধ্যরাত ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। তবে মধ্যরাতের পূর্ববর্তী ৬ ঘণ্টায় নগরীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

ইত্তেফাক/আইএ