জলাবদ্ধতা নিরসনে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা কেটে দিল কৃষকরা

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

গলাচিপায় জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা কেটে দিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। শুক্রবার বিক্ষুব্ধ কৃষকরা গলাচিপা-শাখাড়িয়া সংযোগ সড়কের নির্মাণাধীন ব্রিজের ডাইভার্সন বাঁধটি কেটে দেয়।

উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর গ্রামের আদম ব্রিজ পুনঃনির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান খালে বাঁধ দিয়ে নির্মাণ কাজ করে। এতে এলাকার প্রায় এক হাজার একর জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কৃষকদের আমন বীজতলা ধানের চারা নষ্ট এবং বরজের পান পচে যায়।

ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স এর সাইড ম্যানেজার গোলাম মাওলা মিন্টু জানান, বিক্ষুব্ধ কয়েক হাজার লোক শুক্রবার সকাল ১০টার দিকে নির্মাণাধীন ব্রিজের ডাইভার্সন বাঁধ কেটে দিয়েছে। তারা বাধা দিলেও এলাকাবাসী বাঁধ কেটে দেয়। বাঁধ কাটায় গলাচিপা-পটুয়াখালী সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

কৃষক হালিম মিয়াসহ অনেকে জানান, জলাবদ্ধতার কারণে তাদের চাষাবাদ বন্ধ রয়েছে। পচে গেছে ধানের বীজ তলা, বরজের পান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকাবাসীকে পানি নিষ্কাশনের জন্য বাঁধের উপর কাঠ দিয়ে অস্থায়ী কালভার্ট নির্মাণের আশ্বাস দেন।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ মো. সামস মোকাদ্দর বলেন, ব্রিজ নির্মাণ এবং যানবাহন চলাচলের জন্য অস্থায়ী বাঁধ দেয়া হয়েছে। তাই বর্ষাকালে জলাবদ্ধতা একটু হবেই। ব্রিজটি নির্মাণের কাজ শেষ হতে এখনও এক মাসের মতো সময় লাগবে।