তীব্র স্রোতে ভেঙে গেছে ভূঞাপুর-তারাকান্দি সড়ক

বিস্তীর্ণ এলাকা প্লাবিত

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

যমুনা নদীর তীব্র পানির স্রোতে ভূঞাপুর-তারাকান্দি সড়ক ভেঙে সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে ঐ সড়কের ভূঞাপুর উপজেলার টেড়ি এলাকার সড়ক ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এর আগে ঐ সড়কে দুপুর থেকে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।

এদিকে যমুনা নদীর পানি অস্বাভাবিক হারে বেড়ে বিপত্সীমার ৯৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপজেলার শতাধিক গ্রামের কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে চরাঞ্চলের  বেশ কয়েকটি গ্রাম ও ফসলি জমি।

এছাড়া বুধবার রাতে উপজেলার তাড়াই এলাকার বাঁধ ভেঙে প্রায় ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। তীব্র স্রোতে নদীর পানি প্রবেশ করায় ভেঙে গেছে বেশ কয়েকটি বসতভিটা। এতে ভূঞাপুর-তারাকান্দি সড়কের বেশ কয়েকটি স্থান দিয়ে পানি লিকেজ হওয়ায় হুমকিতে পড়ে গুরুত্বপূর্ণ সড়কটি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ জানান, বন্যাকবলিতদের দুর্ভোগ লাঘবের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অস্বাভাবিক হারে পানি বাড়ার ফলে অর্জুনা ইউনিয়নের তাড়াই বাঁধ ভেঙে গেছে। এছাড়া ভাঙন অংশে পাউবো কাজ করছে।

টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, ভূঞাপুরে যমুনা নদীর পানি বিপত্সীমার ৯১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতি শুক্রবার বিকাল পর্যন্ত অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন অংশে ভাঙনরোধে জিওব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে।