নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা পৌর এলাকার জনবহুল নাগড়া মধ্যপাড়া এলাকায় জলাবদ্ধতার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এলাকায় প্রবেশের প্রধান সড়কটি জলাবদ্ধতার কারণে পানির নীচে তলিয়ে যাওয়ায় তারা তাদের বাড়িঘরে চলাচল করতে নানা সমস্যার মধ্যে পড়েছেন। পানি জমে বিএডিসির সীমানা প্রাচীর পর্যন্ত ধসে পড়েছে। বিএডিসির এখন যতটুকু সীমানা প্রাচীর রয়েছে, সেটিও যে কোনো সময় পথচারীদের ওপর পড়ে গিয়ে প্রাণহানির আশঙ্কাও করা হচ্ছে।
নেত্রকোনা শহরের ময়মনসিংহ সড়কের বিএডিসি অফিসের পূর্বদিক দিয়ে নাগড়া মধ্যপাড়ায় সড়কটি বহু আগে নির্মাণ করা হয়। কিন্তু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই সড়কটি পানির নীচে চলে যায় এবং আশপাশের বাড়িঘরে পানি ঢুকে পড়ে। এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক। অবসরপ্রাপ্ত সাবেক ব্যাংক কর্মকর্তা সৈয়দ শামসুল হক বলেন, এই সড়কটি উঁচু করা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য পৌর কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান হচ্ছে না।
সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান বলেন, তারা এলাকার পক্ষ থেকে এই ওয়ার্ডের পৌর কমিশনার এবং পৌর মেয়রের সঙ্গে কথা বলেছেন দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা করা এবং সড়কটি সংস্কার করার জন্য। তারা আশ্বাস দিলেও কাজ ত্বরান্বিত হচ্ছে না।
পৌর কমিশনার ফজলুর হক বলেন, ইতিমধ্যে সড়ক সংস্কার এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের জন্য প্রাক্কলন তৈরি করা হয়েছে এবং খুব দ্রুত টেন্ডার আহ্বান করা হবে। পৌর মেয়র নজরুল ইসলাম বলেন, এই সড়ক নতুন করে নির্মাণ করা হবে। তবে এলাকার লোকজন দেওয়াল তুলে সড়ক ছোটো করে ফেলেছেন এবং পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেনও নির্মাণ করার ব্যবস্থা তারা রাখেননি। এরপরেও কাজ অচিরেই শুরু হবে।