মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৪

কুমিল্লার দাউদকান্দিতে মাছের প্রজেক্টে মাছ ধরা নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে এই ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ওলানাপাড়া গ্রামের ৭/৮জন যুবক তিনটি মোটর সাইকেল নিয়ে উত্তর হরিপুর ইসমাইলদের বাড়ীর নিকটে এসে তাকে ডেকে রাস্তায় নিয়ে এলোপাতারী গুলি শুরু করে। এতে ইসমাইল তার ভাই ইব্রাহিম এবং ওলানপাড়া গ্রামের ইয়াসিন গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ কমপ্লেক্স গৌরীপুর হাসপাতালে নিয়ে যান। 

গুলিবিদ্ধরা হলেন হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে ইসমাইল (৪০), তার ভাই ইব্রাহিম (৩৫) ও ওলানপাড়া গ্রামের ইয়াসিন (২৬) এছাড়া মোরশেদ নামের একজন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। 

পুলিশ খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িত সন্দেহে আহত ইয়াসিনসহ তিনজনকে আটক এবং ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে। আটক তিনজন হলেন– ইয়াসিন মিয়া, নাঈম হোসেন ও ফরহাদ হোসেন।

স্থানীয়রা জানান, উপজেলার গৌরীপুর ইউনিয়নের নিউ বৈশাখী মৎস্য প্রকল্পে চারবছর যাবত মাছ চাষ করছেন উত্তর হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে ইসমাইল। এনিয়ে পাশের ওলানপাড়া গ্রামের লোকজনদের সাথে জমির পোষাণীর টাকা না পাওয়া নিয়ে দ্বন্দ্ব চলছিল বলে স্থানীয় সূত্র জানায়। 

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী ইত্তেফাককে বলেন, গুলিবিদ্ধের ঘটনায় আহত ইয়াসিনসহ ফরহাদ ও নাইম নামে আরো দুথজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে জানাগেছে মাছের প্রজেক্টের জমির মালিকদের পোষাণীর টাকা না পাওয়া নিয়ে ইসমাইলদের সাথে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। ঘটনার পর থেকে জড়িত অন্যদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।