পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ অর্জন করেছে চট্টগ্রামের পটিয়ার দৃষ্টিপ্রতিবন্ধী সাইফুদ্দীন রাফি (বাবু)। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পটিয়া সরকারি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সে।
সাইফুদ্দীন রাফির বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উজিরপুর গ্রামে। বাবা আজহার উদ্দিন ছিলেন উজিরপুর কৃষি স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক। দুই বছর আগে বাবা আজহার হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মা নাজনীন আকতার গৃহিণী। তিন বছর বয়সে রাফি চোখের আলো হারায়। একাডেমিক শিক্ষার কৃতিত্বের পাশাপাশি রাফি সংস্কৃতি চর্চায়ও পারদর্শী। হারমোনিয়ম ও তবলা বাজিয়ে দেশাত্মবোধক গানসহ বিভিন্ন গান গেয়ে পুরস্কারও পেয়েছে সে। পরিবারে রাফির আরো দুই বোন আছে।
রাফির কৃতিত্ব ও স্বপ্ন নিয়ে জানতে চাইলে সে বলে, ‘শ্রুতি লিখনের মাধ্যমে পরীক্ষায় অংশ নিতে হয়। আমার স্বপ্ন হচ্ছে ইংরেজি বিভাগের অধ্যাপক হওয়া। ছোটোকাল থেকে আমার ইংরেজির প্রতি আগ্রহ বেশি ছিল। যান্ত্রিক জীবনের বিকল্পে মানবিক জীবন গঠনে অধ্যাপনা পেশায় যুক্ত হওয়া আমার মূল উদ্দেশ্য।’ সে আরো জানায়, ‘তিন বছর বয়সে পানের চুনে আমার দুই চোখ হারাতে হয়। তারপরও আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। বড়ো আপুর স্কুল শিক্ষকতার বেতনের টাকা দিয়ে আমাদের পরিবার চলে।’
পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোজাম্মেল হক বলেন, ‘রাফি অন্ধকারকে জয় করে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। ভবিষ্যতে তার পড়াশোনার চালিয়ে যাওয়ার জন্য আমার সব ধরনের সহযোগিতা থাকবে।’
পটিয়া একাডেমির প্রতিষ্ঠাতা ও খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক অভিজিত্ বড়ুয়া মানু বলেন, ‘রাফি একাডেমিক শিক্ষার প্রতিটি ধাপে যে কৃতিত্ব অর্জন করে যাচ্ছে তা আসলেই বিরল। শুধু একাডেমিক নয় সাংস্কৃতিক ক্ষেত্রেও তার রয়েছে বিচরণ। সমাজের সব স্তরের মানুষকে তার পাশে থাকারও আহ্বান জানাই।’