বারবার মাথায় আঘাত, ২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন পুকোভস্কি

বারবার মাথায় আঘাত পেয়ে কনকাশন বা মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় ভুগেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার উইল পুকোভস্কি। অবশেষে কনকাশনের কাছে হার মেনে মাত্র ২৭ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই অজি ব্যাটার। ২০২১ সালে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র টেস্ট খেলেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে বারবার কনকাশনে আক্রান্ত হতে থাকেন পুকোভস্কি। সর্বশেষ চলতি বছরের মার্চে শেফিল্ড শিল্ডে খেলতে গিয়ে তাসমানিয়ার পেসার রিলে মেরেডিথের বাউন্সারে মাথায় গুরুতর আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গেই কনকাশন বদলি হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

খেলোয়াড়ি জীবনে অন্তত ১৫ বার মাথায় আঘাত পাওয়া এই ব্যাটারকে নিয়ে একটি স্বতন্ত্র মেডিকেল প্যানেল গঠন করে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্যানেল অবসরের পরামর্শ দিলেও, নিজের চুক্তি, বীমা ও আর্থিক বিষয় বিবেচনা করে কিছুটা সময় নেন তিনি।

তবে এবার ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে এসইএন স্পোর্টস রেডিওকে পুকোভস্কি বলেন, ‘জীবন যেখানে সংশয়ে, সেখানে আবার পেশাদার খেলাধুলার জগতে ফেরাটা খুব কঠিন ছিল। মস্তিষ্কের যা ক্ষতি হওয়ার, তা তো হয়েই গেছে, আমি আর ঝুঁকি নিতে চাই না।’

তিনি আরও বলেন, ‘আমি আর ক্রিকেট খেলবো না। খুব কঠিন একটা বছর পার করেছি। এখন আমার সরল বার্তা হলো, কোনো পর্যায়েই আমি আর খেলবো না। (সর্বশেষ কনকাশনের পর) মাস দুয়েক যেকোনো কাজ করতেই আমার সমস্যা হয়েছে। এমনকি বাড়িতে হাঁটাচলা করতেও কষ্ট হয়েছে। ঘরের কোনো কাজ করতে পারতাম না বলে আমার বাগ্‌দত্তা বিরক্ত হয়ে গিয়েছিল। পড়ে পড়ে শুধু ঘুমাতাম।’

প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৫.১৯ গড়ে ২৩৫০ রান করেছেন পুকোভস্কি। ৭টি সেঞ্চুরি, যার মধ্যে তিনটিই ডাবল সেঞ্চুরি, আর আছে ৯টি ফিফটি। একমাত্র টেস্টে করেছিলেন ৬২ ও ১০ রান।