নেত্রকোনা প্রতিনিধি
মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, পানি কমার সঙ্গে সঙ্গে দেশের সার্বিক বন্যা পরিস্থিতিরও উন্নতি হচ্ছে। সরকার বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ করেছেন এবং তা বিতরণও করা হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের সব রকম সহায়তা করা হচ্ছে।
গতকাল শুক্রবার দুপুরে নেত্রকোণার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নে (নিজ নির্বাচনী এলাকা) বন্যা পরিস্থিতি পরিদর্শন এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের পর ফকিরের বাজার চল্লিশ কাহনিয়া হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আরো বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সকলের পাশেই সরকার আছে। হাসিনার সরকার একজন মানুষকেও অসহায় অবস্থায় থাকতে দেবে না। আমরা যে কোনো মূল্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াসমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাসেম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম এবং জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু।