চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার রাহেলা খাতুন গার্লস একাডেমির পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা শোয়েব রিগান নামের ঐ যুবককে উপর্যুপরি কুপিয়ে রাস্তায় ফেলে যায়। পরে একজন ভ্যানচালক রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রিগানকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। আহত শোয়েব রিগান জেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি বলে জানান জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাবুল ইসলাম। তিনি দাবি করেন, প্রতিপক্ষ ছাত্রলীগ গ্রুপের কয়েকজনের সঙ্গে বশির নামের এক ছাত্রলীগ কর্মীর টাকার লেনদেন নিয়ে বিরোধ ছিল। এর জেরে প্রতিপক্ষরা বশিরকে তুলে নিয়ে যায়। পরে রিগান প্রতিপক্ষদের টাকা পরিশোধ করে বশিরকে ফিরিয়ে আনতে যায়। এরই মধ্যে রিগানকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মশিউর রহমান জানান, ভারী ও ধারালো অস্ত্র দিয়ে রিগানের হাত, পা ও ঘাড়ের কিছু অংশ কুপিয়ে জখম করা হয়েছে। রাতেই রিগানকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) লুত্ফুল কবীর জানান, শোয়েব রিগানের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। এ কারণে তাকে ঢাকায় রেফার করা হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের শনাক্ত করা হয়েছে। গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।