বামনা (বরগুনা) সংবাদদাতা
বামনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটুকে অপসারণসহ চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ (উপজেলা-১ শাখা)।
বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. জহিরুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে তাকে অপসারণসহ চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণার প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানা গেছে, বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটুর বিরুদ্ধে বিগত মেয়াদে চাঁদা/উেকাচ গ্রহণ, ঠিকাদার ও প্রকল্প কমিটির নিকট হতে কমিশন গ্রহণ, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক-শিল্পীদের বেতন-ভাতাদির টাকা, বাঁশ-বেত প্রকল্পের, সেলাই মেশিন বিতরণ প্রকল্পের, গরু-ছাগল বিতরণ প্রকল্পের টাকা, পানিকচু চাষাবাদের জন্য এবং কুকুর ও সাপে কামড়ানোর ভ্যাকসিন বিতরণের জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগসমূহের সত্যতা বিভাগীয় কমিশনার, বরিশালের একাধিক তদন্তে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গত বৃহস্পতিবার প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগ (উপজেলা-শাখা) তাকে স্বীয় পদ হতে অপসারণসহ বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন।
সাইতুল ইসলাম লিটু মৃধা চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। গত ৩১ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পুনরায় নির্বাচিত হন।