দুটি পৃথক মামলা

নেত্রকোনায় শিশু সজীব হত্যা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা শহরের নিউটাউন পচা পুকুর পাড়ে শিশু সজীব (৮) ও শিশু হত্যাকারী রবিন (৩০) হত্যার ঘটনায় নেত্রকোনার পুলিশ সুপার প্রেস ব্রিফিং করেছেন। শুক্রবার পুলিশ সুপারের অফিসে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

এ সময় পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, নেত্রকোনা থানায় শিশু সজীবের বাবা রইস উদ্দিন বাদী হয়ে ছেলে হত্যার ঘটনায় মামলা করেছেন। অপরদিকে, নেত্রকোনা থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে শিশু হত্যাকারী রবিন হত্যার জন্য অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ এনে আরো একটি মামলা দায়ের করেন। এদিকে পুলিশ সজীবের মস্তকবিহীন লাশ শহরের কাটলী গ্রামের কায়কোবাদের নির্মাণাধীন তিন তলার টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানান।

তিনি আরো বলেন, সজীব হত্যার ঘটনাকে ছেলে ধরা এবং পদ্মা সেতুর গুজবের সঙ্গে মিশিয়ে যারা মিথ্যা অপপ্রচার চালিয়েছে, তাদের ডিজিটাল আইনের আওতায় আনা হচ্ছে। এ ছাড়া, সজীবকে অপহরণের পর হত্যার মোটিভ খোঁজা হচ্ছে। রবিনকে জীবিত ধরতে পারলে অনেক ঘটনাই জানা যেত বলে তিনি উল্লেখ করেন।