এএফপি
মার্কিন এক নাবিকের সন্ধান পেতে বৃহস্পতিবার উদ্ধার তত্পরতা শুরু করার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। আরব সাগরে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের যুদ্ধজাহাজ থেকে পানিতে পড়ে সে নিখোঁজ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাহরাইনভিত্তিক ফিফথ ফ্লীটের এক বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার এ নাবিকের নিখোঁজ হওয়ার কথা জানা যায়। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। সেখানে এক ব্যক্তি জাহাজ থেকে পড়ে নিখোঁজের কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্পেন ও পাকিস্তানের জাহাজের সাহায্যে নিখোঁজ নাবিকের সন্ধান করা হচ্ছে। উপসাগরীয় অঞ্চলে ইরান এবং যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোর মধ্যে চরম উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল।
উপসাগর দিয়ে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা চালাচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রধান কেনেথ ম্যাকেঞ্জি অত্যন্ত স্পর্শকাতর এ জলসীমা দিয়ে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে ‘দ্রুত’ কাজ করার অঙ্গীকার করেন। উল্লেখ্য, বিশ্বের অপরিশোধিত বেশির ভাগ তেল এই পথ দিয়ে পরিবহন করা হয়ে থাকে।