রাশিয়ায় প্রতিবছর নিজের গর্ভজাত সন্তানকে হত্যার দায়ে বিচারের মুখোমুখি হন কয়েক ডজন মা। সন্তান হত্যাকারীদের এই তালিকায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন গৃহিণী থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানের সফল ব্যবস্থাপকও।
রাশিয়ায় টিকে থাকতে গেলে অনেক শক্ত ও অনমনীয় মনোভাবের হতে হয়। ফলে কেউ সেখানে তার মানসিক স্বাস্থ্য সংকট নিয়ে সহজে কথা বলতে চায় না। শিশু হত্যার এই কাহিনীগুলো মূলত দেখাচ্ছে যে, সন্তান জন্ম দেওয়ার পরপরই অনেক মা সন্তান জন্মদান-পরবর্তী বিষণ্নতায় আক্রান্ত হয়। কিন্তু পরিবারের নিকটজনেরা অনেক ক্ষেত্রেই এই বিষণ্নতাকে চিহ্নিত করতে পারে না। ফলে ঘটে দুঃখজনক পরিণতি।
মায়েরা কেন তাদের সন্তানদের খুন করেন সেই বিষয়ে রুশ নারীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছেন বিবিসির সাংবাদিকরা। তারা যে মায়েদের ঘটনাগুলো খতিয়ে দেখেছে সেখানে হিসাবরক্ষক, শিক্ষক, বেকার নারী, সমাজকল্যাণ বিশেষজ্ঞ, রেস্টুরেন্টের কর্মী থেকে শুরু করে আরো নানা পেশার অন্তত ৩০ জন নারী রয়েছে। অনেক নারী যারা তাদের সন্তানদের খুন করেছে তাদের স্বামী, সংসার, বাড়ি ও চাকরি রয়েছে এবং তারা কোনো প্রকার নেশাতেও আসক্ত নয়। তবে নিজের সন্তানকে মেরে ফেলার আগে অন্তত ৮০ ভাগ নারী চিকিত্সকের শরণাপন্ন হন এবং মাথাব্যথা, ঘুমহীনতা ও অনিয়মিত মাসিকের ব্যাপারে পরামর্শ নিয়েছিলেন।
মনোবিজ্ঞানীরা বলছেন, যে নারীরা সন্তানদের খুন করছে তারা নিজেরাও নিজেদের শৈশবে কোনো না কোনোভাবে নিগৃহীত ছিলেন।
০