অন্তর্ভুক্ত হলেন ডোনাল্ড ফিটজপ্যাট্রিক
স্পোর্টস রিপোর্টার
সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, সাবেক দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড ও সাবেক অস্ট্রেলিয়ান নারী ফাস্ট বোলার ক্যাথরিন ফিটজপ্যাট্রিককে আইসিসির হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার লন্ডনে এক অনুষ্ঠানে এই তিন জনের হাতে স্মারক তুলে দেয় আইসিসি।
ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক রান সংগ্রাহক টেন্ডুলকারকে হল অব ফেমে অন্তর্ভুক্ত করতে আইসিসি সময় নেয়নি। তিনি যোগ্য বলে বিবেচিত হওয়ার পরপরই তাকে এই তালিকায় নিয়ে নেওয়া হয়েছে। আইসিসির আইন বলছে, কোনো খেলোয়াড়কে এই তালিকায় অন্তর্ভুক্ত করতে হলে সেই খেলোয়াড় তার শেষ ম্যাচ কমপক্ষে পাঁচ বছর আগে খেলেছেন, এমন হতে হবে। টেন্ডুলকার তার শেষ ম্যাচ খেলেছেন ২০১৩ সালের নভেম্বর মাসে। তিনি ষষ্ঠ ভারতীয় খেলোয়াড় হিসেবে এই তালিকায় যুক্ত হয়েছেন। এর আগে সুনীল গাভাস্কার, বিষেন সিং বেদী, কপিল দেব, অনিল কুম্বলে ও রাহুল দ্রাবিড় এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
২০০ টেস্ট খেলা একমাত্র খেলোয়াড় টেন্ডুলকার ১৫৯২১ রান করেছেন টেস্টে এবং ১৮৪২৬ রান করেছেন ওয়ানডে ক্রিকেটে। তিনি একমাত্র খেলোয়াড় যিনি এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি সেঞ্চুরি করেছেন। এছাড়া তিনি ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।
হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়ার প্রতিক্রিয়ায় টেন্ডুলকার বলেছেন, ‘আইসিসির হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়াটা একটা সম্মানের ব্যাপার। এটা খেলোয়াড়ের বিভিন্ন প্রজন্মে অবদানকে চিহ্নিত করে। এখানকার সব খেলোয়াড়রা খেলার উন্নয়ন ও প্রসারে ভূমিকা রেখেছেন। আমি খুশি যে, আমিও কিছুটা ভূমিকা রাখতে পেরেছি।’
টেন্ডুলকারের পাশাপাশি এবার এই তালিকায় নাম লিখিয়েছেন ২০০৪ সালে অবসর নেওয়া ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার ইতিহাসের অন্যতম সেরা এই ফাস্ট বোলার ছিলেন দেশটির হয়ে ৩০০ টেস্ট ও ২০০ ওয়ানডে উইকেট নেওয়া প্রথম ফাস্ট বোলার। এক দশকেরও বেশি লম্বা ক্যারিয়ারে ডোনাল্ড ৬০২টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন।
অ্যালান ডোনাল্ড তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আপনি যখন একটা মেইল খুলবেন এবং সেটাতে লেখা থাকবে যে, অ্যালান ডোনাল্ড, আপনাকে আইসিসি হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়ায় অভিনন্দন; এটা একটা বড়ো ধাক্কা দিয়েছে আমাকে। এটা আসলেই ধাক্কা। কারণ এটা খুব সম্মানের একটা স্বীকৃতি এবং এটাকে হালকাভাবে নিতে পারেন না আপনি। আমি এই বিশাল সম্মান দেওয়ায় আইসিসিকে ধন্যবাদ জানাই।’
ফিটজপ্যাট্রিক হলেন—হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়া অষ্টম নারী ক্রিকেটার। তিনি ১৬ বছর ধরে নারীদের ক্রিকেটের দ্রুততম বোলার ছিলেন। তিনি ১৮০টি ওয়ানডে উইকেট নিয়েছেন; নারীদের ক্রিকেটে যা সর্বোচ্চ ছিল। ভারতের ঝুলন গোস্বামী ২০১৭ সালে তাকে পার করে যান। ফিটজপ্যাট্রিক অস্ট্রেলিয়াকে দুটি বিশ্বকাপ জেতানোয় ভূমিকা রেখেছেন। তিনি ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার কোচও ছিলেন। এই সময়ও অস্ট্রেলিয়া একটি বিশ্বকাপ ও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে।