ডেঙ্গু নিয়ে যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে :স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ডেঙ্গু রোগ বহনকারী এডিস মশা নিধনে আমাদের যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনে সবকিছুই করবে।  গতকাল শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত এক সচেতনতামূলক  শোভাযাত্রাতে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০০ সালের প্রথম দিক থেকেই এ রোগের সঙ্গে আমাদের পরিচয় হয়। গেল বছরের আগ পর্যন্ত এটি নিয়ে আমরা তেমন একটা চিন্তিত ছিলাম না। কিন্তু এখন চিন্তার বিষয় আছে। আর তাই এ এডিস মশা নিধনে সরকারের যেসব প্রচেষ্টা ছিল, সব প্রচেষ্টা  অব্যাহত থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৃষ্টিতে কোথাও পানি জমে থাকলে এ মশা সহজে বিস্তার লাভ করে। আমাদের নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। নিজেদের আগে সচেতন হতে হবে। তাহলেই এ রোগ ও                 মশা থেকে আমরা মুক্তি পাব।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশা সম্পর্কে সচেতনতামূলক শোভাযাত্রাতে উপস্থিত ছিলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম, লেখক সৈয়দ আবুল মকসুদ, ডিএনসিসি এলাকার কাউন্সিলর, নেতাকর্মী, চলচ্চিত্র, টেলিভিশন, ক্রীড়া ও অন্য সাংস্কৃতিক ব্যক্তিরা।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ অনেক বেড়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে অনেক রোগী ভর্তি হচ্ছেন।