অপারেশনের আগে মিউজিক শুনলে স্নায়ুর প্রশান্তি মেলে

মানসিক চাপ, কাজের চাপ, সম্পর্কের চড়াই-উতরাই ইত্যাদি বিষয় আমাদের মনকে বিক্ষিপ্ত করে তোলে। এ রকম পরিস্থিতিতে টনিকের মতো কাজ করে সংগীত। গান মানুষের মনকে শান্ত করে প্রশান্তি এনে দেয়। কিন্তু অপারেশনের মতো জটিল পরিস্থিতিতেও যে সংগীত মানুষের স্নায়ুকে প্রশান্তি এনে দিতে পারে সেই বিষয়টি মার্কিন গবেষণায় প্রমাণিত হয়েছে। ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার গবেষকদের ঐ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে বিএমজে জার্নালে।

ঐ গবেষকরা দেখেছেন, অপারেশনের আগে রোগীদের গান শোনানোর ফলে তাদের মন অনেক শান্ত ছিল, যা কি না, অপারেশনে ভালো ফলাফল আনতে সাহায্য করেছে। মনকে শান্ত করার জন্য অপারেশনের আগে রোগীদের ‘প্রশান্তিদায়ক’ গান শোনানো হয়েছিল। এ ধরনের ১৫৭ জন রোগীর ওপর করা গবেষণা থেকে জানা যায়, অপারেশনের আগে গান শোনার ফলে তাদের মন শান্ত ছিল। ঘুমের ওষুধ খেলে মানুষের মন যেমন শান্ত হয়; ঠিক তেমন। তবে এক্ষেত্রে রোগীদের প্রত্যেককে তাদের পছন্দের গান বাছাই করার সুযোগ দেওয়া হয়েছিল। গবেষকরা এখন দেখার চেষ্টা করছেন যে, গান শুনে মনকে প্রশান্ত করার এ প্রক্রিয়ায় গানের ধরন কতটা প্রভাব বিস্তার করে।

ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার গবেষকদের মতে, অপারেশনের আগে সাধারণত রোগীদের মধ্যে এক ধরনের উদ্বেগ-উত্কণ্ঠা কাজ করে। মনের এ অস্থিরতার কারণে অপারেশনের সময় শরীরের অন্যান্য অংশেও প্রভাব পড়তে পারে। এসব ক্ষেত্রে রোগীদের মনকে শান্ত রাখার জন্য সাধারণত অজ্ঞান করার ওষুধ কিংবা ঘুমের ওষুধ প্রয়োগ করা হয়ে থাকে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে, অপারেশনের আগে রোগীদের উদ্বেগ দূর করার জন্য যে ওষুধ দেওয়া হয় তাতে পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা থাকে।

গবেষণা দলের সদস্য পেনসিলভানিয়া স্কুল অব মেডিসিনের এনেস্থেসিয়ালোজি বিভাগের সহকারী অধ্যাপক ড. ফিনা গ্রাফ বলেন, মস্তিষ্কের আবেগপ্রবণ অংশটিতে সংগীত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানসিক চাপকে হালকা করার পাশাপাশি মনকে প্রশান্তি দিয়ে থাকে সংগীত।

এর আগে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে অভিষেক প্রসাদ নামের এক যুবক তার মস্তিষ্কে সাত ঘণ্টাব্যাপী জটিল অপারেশন চলার পুরো সময় গিটার বাজিয়ে সাড়া ফেলে ছিলেন। অভিষেক ‘ডিসটোনিয়া’ নামে এক ধরনের জটিল রোগে আক্রান্ত ছিলেন। মস্তিষ্কের সমস্যার কারণে তার আঙুল বেঁকে গিয়ে অকার্যকর হয়ে পড়েছিল। তবে মস্তিষ্কের ঠিক কোন জায়গায় সমস্যা রয়েছে, তা জানার জন্য অস্ত্রোপচারের সময় গিটার বাজাতে বলা হয়েছিল অভিষেককে। অস্ত্রোপচারের সময় গিটার বাজানোর ফলে মস্তিষ্কের সমস্যাজনিত অংশগুলোকে সহজেই চিহ্নিত করতে পেরেছিলেন চিকিত্সকরা। অপারেশনের পর অভিষেক সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।

এছাড়া মুসা এবং অ্যানা ম্যারি নামক দুই জন রোগীর মস্তিষ্কের অস্ত্রোপচারের সময়ও এ সংগীত থেরাপি প্রয়োগ করা হয়েছিল। তাদের মস্তিষ্কের কার্যক্রম বোঝার জন্য সংগীত শোনানো হয়েছিল। মুসা মানজিনি নামের দক্ষিণ আফ্রিকার ঐ সংগীতজ্ঞও মস্তিষ্কে অস্ত্রোপচারের সময় অভিষেক প্রসাদের মতো গিটার বাজিয়ে ছিলেন। এসব রোগীর ক্ষেত্রে সংগীত রীতিমতো টনিকের কাজ করেছিল। —বিবিসি