আওয়ামী লীগের জন্ম হয়েছে বিজয়ী হওয়ার জন্য :নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, আওয়ামী লীগের জন্ম হয়েছে বিজয়ী হওয়ার জন্য, পরাজিত হওয়ার জন্য নয়। খুনি-ধর্ষকদের কাছে আমরা পরাজিত হতে পারি না। নারী-শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ সরকার কোনো ঘটনা পাশ কাটিয়ে যায়নি। অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতে হচ্ছে। কিন্তু নরঘাতকদের অপরাধ এখনো থামছে না। তাই নারী-শিশু          নির্যাতনকারীদের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়াতে হবে। অপশক্তির পরাজয় হবেই। তবে সব কাজে সরকারকে দায়ী না করে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। আর আইন কঠোরভাবে প্রয়োগ করা হলে অপরাধ করার কেউ সাহস পাবে না।

মোহাম্মদ নাসিম আরো বলেন, শেখ হাসিনার কৌশলের রাজনীতির কাছে সব শক্তি পরাজিত হয়েছে। বিএনপি নির্বাচনেও অংশগ্রহণ করেছে, সংসদেও এসেছে। সংসদ এখন প্রাণবন্ত। এ ধরনের ইতিবাচক রাজনীতির জন্য তিনি বিএনপিকে ধন্যবাদ জানান।

বঙ্গবন্ধু একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।