বরগুনায় রিফাত হত্যা মামলায় রিশান ফরাজী ৫ দিনের রিমান্ডে

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অন্যতম আসামি (৩ নম্বর) রিশান ফরাজীকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে রিশানকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির। বিচারক রিশানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিশানকে বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে পুলিশ গ্রেফতার করে।

পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানান, রিফাত হত্যা মামলায় তারা ১৫ জনকে জীবিত অবস্থায় গ্রেফতার করেছেন। মামলার প্রধান আসামি নয়ন বন্ড গত ২ জুলাই পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মারা যায়। আসামিদের মধ্যে এখন পর্যন্ত ১২ জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। বাকি তিন জন এখনো রিমান্ডে রয়েছেন।

এদিকে মামলার প্রধান সাক্ষী রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। মিন্নি এখন পাঁচ দিনের রিমান্ডে রয়েছে।