স্বর্গ থেকে নামছে না ৫ লাখ কোটি ডলারের অর্থনীতি

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কেন্দ্রীয় সরকারের বর্তমান অর্থনীতির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, অতীতের সরকারের অবদান না থাকলে বর্তমান সরকার ৫ লাখ কোটি ডলারের জিডিপি লক্ষ্যপূরণের দিকে কখনোই যেতে পারত না। তিনি অতীতের সরকারকে ধন্যবাদ দিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। প্রণব মুখার্জি বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশের সময় ঘোষণা করেছেন, ২০২৪ সালের মধ্যে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। কিন্তু এই বিষয়টি হঠাত্ করে স্বর্গ থেকে নেমে আসছে না। এটা সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়েই গড়ে উঠেছে, যা ব্রিটিশরা তৈরি করেনি, স্বাধীনতার পর ভারতীয়রাই গড়ে তুলেছেন।

২০১২ সালে দেশের রাষ্ট্রপতি হওয়ার আগে দীর্ঘদিন কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায় অর্থমন্ত্রণালয়ের দায়িত্বও সামলেছেন। স্বাধীনতার পর দেশের উন্নয়নের ভিত কিভাবে গাঁথা হলো বৃহস্পতিবার সেই ইতিহাস তুলে ধরেন সাবেক রাষ্ট্রপতি।