৪ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

মিথ্যা, মানহানিকর তথ্য প্রকাশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টার অভিযোগে দুটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম হারুন-উর রশীদ বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে এই মামলা করেন।

অভিযুক্তরা হলেন :ক্যাম্পাসলাইভ ২৪ ডট কম-এর এডিটর ইন চিফ আজহার মাহমুদ, ঐ অনলাইন পত্রিকার হাবিপ্রবি প্রতিনিধি (এজাহারে নাম উল্লেখ করা হয়নি), বিডিগার্ডিয়ান ডট কম-এর সম্পাদক এ বি এম চৌধুরী ও দিনাজপুর প্রতিনিধি মো. রাইসুল মোমেন। মামলার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ।

এজাহারে উল্লেখ করা হয়, ঐ দুটি অনলাইন পত্রিকা বাদীকে অপমান, অপদস্ত ও সম্মানহানি করার অভিপ্রায়ে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও অপমানজনক সংবাদ প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, বাদীর সঙ্গে জামায়াত-শিবিরের সম্পৃক্ততা আছে এবং তিনি হাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের বিরুদ্ধে শিক্ষার্থীদের উসকে দিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছেন। এই সম্মানহানিকর মন্তব্য প্রকাশ করার কারণে ঘৃণা, বিদ্বেষ, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে এজাহারে অভিযোগ করা হয়।