আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দুর্নীতিকে দুর্নীতি হিসেবেই দেখব। সরল বিশ্বাস বলতে তিনি (দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ) কী বোঝাতে চেয়েছেন, তা আমাকে জানতে হবে। তবে দুর্নীতি দুর্নীতিই। এটা অন্যভাবে দেখার উপায় নেই।’ গতকাল শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দুর্নীতির প্রশ্নে সরল বিশ্বাস বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন, তা পরিষ্কার হতে হবে।
ওবায়দুল কাদের বলেন, সারা দুনিয়ায় দুর্নীতি হচ্ছে। তবে কোথাও বেশি কোথাও কম। কিছু পলিটিক্যালি মোটিভেটেড হচ্ছে। জাতীয় পার্টির (জাপা) রাজনৈতিক ভবিষ্যত্ নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাপা প্রধান বিরোধী দল, সংসদে তাদের অনেকগুলো আসন আছে। জনগণ তাদের ভোট দিয়ে জাতীয় সংসদে প্রতিনিধি করে পাঠিয়েছে। এরশাদের অবর্তমানে তাদের দলীয় রাজনীতি ও সাংগঠনিক রূপ কী হবে, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। রাজনীতিতে তারাই টিকে থাকবে, যারা সময়োপযোগী রাজনীতির চর্চা ও যুগোপযোগী রাজনীতি করবে। বন্যা মোকাবিলায় দল ও সরকারের ভূমিকা নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সরকার আন্তরিকভাবে বন্যা মোকাবিলায় কাজ করছে। আমাদের প্রতিনিধি জামালপুর ও গাইবান্ধায় গেছেন। টিম বন্যাদুর্গত এলাকায় যাচ্ছে।’ দলীয় নেতা-কর্মীদের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কেন্দ্রীয়ভাবে আমরা পদক্ষেপ নিতে শুরু করেছি, প্রধানমন্ত্রী বলে গেছেন, পানিসম্পদ, নৌ-পরিবহন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীসহ যারা দায়িত্বে আছেন, তাদের নিয়ে টিম করতে হবে, সরকারিভাবে ব্যবস্থা নিতে হবে।’ মেগা প্রকল্পের নামে লুটপাটের অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, উন্নয়নের রোল মডেলের কী বুঝবেন ফখরুল সাহেবরা? তারা তো কোনো উন্নয়ন করেননি। ওনারা তো কালো চশমা পরেন। বিএনপির সাংগঠনিক কাজে বাধার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির কোথাও কোনো সভায় পুলিশ বাধা দেয়নি। সরকারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ বিএনপির কল্পিত। উপজেলায় বিদ্রোহী ও তাদের সমর্থনকারীদের শাস্তি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কোনো সাংগঠনিক ব্যবস্থা নিতে আমরা প্রথমে কারণ দর্শাতে বলি। তবে যারা বিদ্রোহে ছিল বা সহায়তা করেছে, তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ।