কাঞ্চন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর গণসংযোগ

উপজেলার কাঞ্চন পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম শুক্রবার কলাতলী, হাটাবো, তারাইল, বিরাবো, খাপাড়া, কাঞ্চনসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন। খাপাড়া আব্দুল মতিনের বাড়িতে আয়োজিত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলী হোসেন। সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, আওয়ামী লীগ নেতা এমায়েত হোসেন, হাজী মিলন মিয়া, উপজেলা যুবলীগের সহসভাপতি আলহাজ মোহাম্মদ রমজান আলী, যুবলীগ নেতা মোহন মিয়া, আব্দুল মতিন ভুঁইয়া, আল আমিন লিটন, মিজানুর রহমান রাজা, আব্দুস সাত্তার, শ্যামল দাস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মেয়র প্রার্থী আলহাজ রফিকুল ইসলাম বিগত সময়ে কাঞ্চন পৌরসভায় অনেক উন্নয়ন কাজ করেছেন। সত্ ও দুর্নীতিমুক্ত থাকায় দলের ত্যাগী ও প্রবীণ কর্মীরা তার পক্ষেই কাজ করছেন। কাঞ্চন পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকেই জয়ী করতে হবে। আগামী ২৫ জুলাই বৃহস্পতিবার কাঞ্চন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্কুলে ডেস্কটপ কম্পিউটার ও ল্যাপটপ প্রদান

নারী শিক্ষার আধুনিকায়নের লক্ষ্যে গতকাল শুক্রবার  রূপগঞ্জের ঐতিহ্যবাহী সহিতুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ে ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার প্রদান করা হয়। শিল্পপতি গুলবক্স ভুঁইয়া ও বেগম সহিতুন্নেছার উত্তরাধিকারী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা পরিবারের পক্ষে এসব সামগ্রী দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য শফিকুল ইসলাম ভুঁইয়া, রিয়াজ কাজল ভুঁইয়া, শিক্ষানুরাগী রফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু ঠাকুর দাস কর, শিক্ষক হাজী মো. আল আমিন মিয়া প্রমুখ।